মেয়াদোত্তীর্ণ ওয়েবসাইট এসইসির দুঃখ প্রকাশ
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ওয়েবসাইটের সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে। গতকাল বুধবার এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুঃখপ্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমানে এসইসির ওয়েবসাইটের উন্নয়ন ও আধুনিকায়নের কাজ চলছে। এ কারণে ওয়েবসাইটটি ব্যবহারে কোনো কোনো সময় সাময়িক অসুবিধার সৃষ্টি হতে পারে। গত মঙ্গলবার অনেক ইচ্ছুক ব্যবহারকারী ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেননি। কারিগরি ত্রুটির কারণে অনিচ্ছাকৃত এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’ এসইসি আরও বলেছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে এসইসির কোনো তথ্য প্রকাশের প্রয়োজন থাকলে তা বিকল্প পদ্ধতিতে প্রকাশ করা হবে। গত মঙ্গলবার এসইসির ওয়েবসাইটে গিয়ে সেটির মেয়াদোত্তীর্ণের বিষয়টি জানা যায়। ওই দিন এসইসির ওয়েবসাইটে ক্লিক করে দেখা যায় তাতে লেখা আছে, ‘গত ২ এপ্রিল সাইটটির ডোমেইনের মেয়াদ শেষ হয়ে গেছে।’ তার ঠিক নিচেই সাইটটি আবার চালু করতে একটি লিংক যুক্ত করে দেওয়া ছিল। ওই দিন রাতে সেটির মাধ্যমে ওয়েবসাইটটি আবার সচল হয়।