মেয়াদোত্তীর্ণের ছয় মাস পর্যন্ত কোনো ঋণ খেলাপি হবে না
মেয়াদোত্তীর্ণ হওয়ার ছয় মাস পর্যন্ত কোনো ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবে না। এই সময় পর্যন্ত গ্রাহকেরা সব ধরনের নতুন ঋণসুবিধা নিতে পারবেন। পুনঃতফসিলও করা লাগবে না। ঋণখেলাপিতে পরিণত হওয়ার সময়সীমা আগের মতোই ছয় মাস রয়েছে।বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে একটি স্পষ্টীকরণ নির্দেশনায় এসব কথা উল্লেখ করেছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ঋণ শ্রেণীকরণ বিষয়ে দুটি নির্দেশনা জারি করে। এ নিয়ে বিশেষত কিছু ব্যবসায়ী সমিতি দ্বিধায় পড়ে। তারা এর বিরোধিতা করে আসছিল। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক তাদের নির্দেশনার স্পষ্টীকরণ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৫ (গগ) ধারায় বর্ণিত নিয়ম অনুযায়ী গ্রাহককে খেলাপি বিবেচনা করা হয়ে থাকে। আইন অনুযায়ী সব ধরনের চলতি মূলধন ঋণ বা মেয়াদি ঋণ পরিশোধের সময় থেকে ছয় মাস অতিবাহিত হলে কেবল সে খেলাপি হবে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ ছয় মাস মেয়াদোত্তীর্ণ না হওয়া পর্যন্ত সে নতুন ঋণ নিতে পারবে।এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাদের নতুন নির্দেশনায় কিছু ভুল ব্যাখ্যা উঠছিল, যে কারণে বিষয়টি পরিষ্কার করতে ব্যাংকগুলোতে স্পষ্টীকরণ পাঠানো হয়েছে।