মেয়াদোত্তীর্ণের তিন মাস পরই খেলাপি হবে ঋণ
খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুসারে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার তিন মাস পর তা খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। বর্তমানে মেয়াদোত্তীর্ণের ছয় মাস পর ঋণ খেলাপিতে পরিণত হয়। অন্যদিকে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি কমানো ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার জন্য ব্যাংকগুলোর বাজারে সংশ্লিষ্টতা নিয়ন্ত্রণেরও পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন প্রস্তাবে শেয়ারবাজারে কোনো ব্যাংকের মোট সংশ্লিষ্টতার সীমা ব্যাংকের মোট মূলধনের ১০ শতাংশের মধ্যে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিভিন্ন ধারা সংশোধনের মাধ্যমে নতুন এসব নিয়ন্ত্রণ আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আইনের বেশ কিছু সংশোধনের প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খসড়া প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে।এ আইনের ৫ (গগ) ধারায় সংশোধন এনে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তনের এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের হাতে নেওয়া হচ্ছে।বর্তমানে খেলাপি ঋণের সংজ্ঞায় বলা আছে, খেলাপি ঋণগ্রহীতা অর্থ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যার নিজের বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত অগ্রিম, ঋণ বা তার অংশ বা এর ওপর অর্জিত সুদ বাংলাদেশ ব্যাংকের জারি করা সংজ্ঞা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ছয় মাস অতিবাহিত হয়েছে। কিন্তু সংশোধনীতে প্রস্তাব করা হয়েছে, খেলাপি ঋণগ্রহীতা অর্থ কোনো দেনাদার ব্যক্তি বা প্রতিষ্ঠান, যার নিজের বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত অগ্রিম, ঋণ বা অন্য কোনো আর্থিক সুবিধা বা তার অংশ বা তার ওপর অর্জিত সুদ বা তার মুনাফা বাংলাদেশ ব্যাংকের জারি করা সংজ্ঞা অনুযায়ী বিরূপভাবে শ্রেণীকৃত হয়েছে। এর যৌক্তিকতা তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে বলেছে, আন্তর্জাতিক মান অনুযায়ী কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার তিন মাস পর শ্রেণীবিন্যাসিত হওয়ার কথা। আন্তর্জাতিক সংস্থাগুলোর অব্যাহত চাপের কারণে খেলাপি ঋণের সংজ্ঞায় এ পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রগুলো জানাচ্ছে। বর্তমানে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার ছয় মাস পর তা খেলাপিতে পরিণত হয়। চালু থাকা সংজ্ঞাটি বিগত বিএনপি সরকারের আমলে ২০০৩ সালে আইনে সংশোধন এনে করা হয়। তবে ২০০৩ সালের আগে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার তিন মাস পর খেলাপিতে পরিণত হতো। বিএনপির আমলে রাজনৈতিক চাপে নতুন এ সংজ্ঞা তৈরি করা হয়। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাংলাদেশের ঋণ মান বিশ্বমানে উন্নীত করতে অব্যাহতভাবে চাপ দিয়ে যাচ্ছে।খেলাপির এ সংজ্ঞার সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংজ্ঞাতেও সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক না হলে অথবা ২৫ শতাংশের বেশি শেয়ার না থাকলে এ কোম্পানিকে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানে স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিবেচনা করা হয় না। আর পাবলিক লিমিটেড কোম্পানি ছাড়া অন্য কোম্পানির ক্ষেত্রে ২০ শতাংশের বেশি শেয়ারের মালিকানা না থাকলে কোনো কোম্পানিকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিবেচনা করা হয় না। সংশোধনীতে পরিচালক না হলে উভয় ক্ষেত্রেই ২০ শতাংশের বেশি শেয়ার থাকলে বা ওই কোম্পানির ঋণের জামিনদার হলে কোম্পানিকে স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে।অন্যদিকে বর্তমানে কোনো ব্যাংকের শেয়ারবাজারে মোট সংশ্লিষ্টতা নির্ধারিত হয় মোট দায়ের (আমানত) অনুপাতে। আইনের ২৬ (২) ধারায় বলা রয়েছে, কোনো ব্যাংকের ধারণ করা শেয়ারের পরিমাণ সমষ্টিগতভাবে তার দায়ের ১০ শতাংশের বেশি হতে পারবে না। এ ধারা সংশোধন করে ব্যাংকের শেয়ারবাজার সংশ্লিষ্টতা মালিকানার সঙ্গে সম্পর্কিত করা হচ্ছে। এ ক্ষেত্রে ব্যাংকের মোট শেয়ারবাজারে সংশ্লিষ্টতা মোট আদায়কৃত মূলধন ও শেয়ার প্রিমিয়ামসহ সঞ্চিতির ২৫ শতাংশের বেশি হতে পারবে না বলে মর্মে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংকের মূলধনের সঙ্গে তুলনা করে শেয়ারবাজারে সংশ্লিষ্টতা নির্ধারণ করা আছে সর্বোচ্চ ২৫ শতাংশ। ব্যাংকিংবিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারকে পরামর্শ দিয়ে আসছে।অন্যদিকে কোনো ব্যাংক কোনো একক কোম্পানির শেয়ার ধারণের সীমাও কমিয়ে আনার প্রস্তাব রয়েছে প্রস্তাবিত আইন সংশোধনীতে। বর্তমান আইন অনুসারে ব্যাংকের আদায়কৃত ও সংরক্ষিত মূলধনের ৩০ শতাংশ বা যে কোম্পানির শেয়ার কেনা হবে তার আদায়কৃত মূলধনের ৩০ শতাংশ, এর মধ্যে যেটি কম তার চেয়ে বেশি কোনো একক কোম্পানির শেয়ার কোনো ব্যাংক ক্রয় করতে পারে না।এ ধারার সংশোধন এনে ব্যাংকের আদায়কৃত মূলধন ও শেয়ার প্রিমিয়ামসহ সঞ্চিতি মিলে মোট পরিমাণের পাঁচ শতাংশ বা যে কোম্পানির শেয়ার কেনা হবে তার আদায়কৃত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার কেনা যাবে না বলে প্রস্তাব করা হয়েছে।আইনের ১৫(৬) ধারা সংশোধন করে ব্যাংকে পরিচালকের সংখ্যা ১৩ জনে সীমিত করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংক ব্যবস্থাপনায় সুশাসন ও পরিচালনা পর্ষদে শৃঙ্খলা নিশ্চিত করতে এ প্রস্তাব করেছে কেন্দ্রীয় ব্যাংক।উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ব্যাংক ২০০৩ সালে ব্যাংকে পরিচালকের সংখ্যা ১৩ জনে সীমিত করে সার্কুলার জারি করে তা কার্যকর করেছিল। এ পর্যায়ে দু-একটি ব্যাংক ছাড়া সব ব্যাংকেই পরিচালকের সংখ্যা ১৩ জনে নামিয়েও আনতে সক্ষম হয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর বিরুদ্ধে উচ্চতর আদালতে গেলে স্থগিতাদেশ পায়। বাংলাদেশ ব্যাংক আপিল বিভাগে গিয়ে স্থগিতাদেশকে বাতিল করায়। কিন্তু এর মধ্যেই ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংক সার্কুলারের বিধানটি আইন দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেয়। এ পর্যায়ে সংশোধনী আকারে বিধানটি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির গেজেটও প্রকাশ হয়। গেজেট হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক এর আগের সার্কুলারটি প্রত্যাহার করে নেয়। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আরও কিছু অধ্যাদেশের সঙ্গে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের এই অধ্যাদেশটি জাতীয় সংসদ অনুমোদন করেনি। ফলে ব্যাংকে পরিচালকের সংখ্যার ক্ষেত্রে এখন আর কোনো বাধানিষেধ নেই। আর এ সুযোগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক সংখ্যা বাড়িয়ে ২৩-এ উন্নীত করেন। দেখাদেখি ব্যাংকগুলোতে পরিচালকের সংখ্যা বাড়তে থাকে। যেসব ব্যাংকের নিজস্ব সংঘস্মারকে পরিচালকের সংখ্যা বাড়াতে বাধা নেই, সেসব ব্যাংকই তাদের পরিচালক সংখ্যা ২০-এর অধিকে উন্নীত করেছে ইতিমধ্যেই।