মোংলা বন্দরকে গতিশীল করতে ১১ সদস্যের কমিটি
মোংলা বন্দরকে আরও গতিশীল ও আধুনিক করতে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে। আর সদস্যসচিব থাকবেন যুগ্ম সচিব পদমর্যাদার মোংলা বন্দর কর্তৃপক্ষের একজন প্রতিনিধি।
এ ব্যাপারে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ফারুক হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে ৭ মে। ওই বৈঠকের পরই মূল পরিকল্পনা ঠিক করা হবে। তা ছাড়া মোংলা বন্দরের উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প চলমান আছে। আরও কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তাই বাস্তবায়নাধীন পরিকল্পনা ও কমিটি সমন্বয়ের সঙ্গে কাজ করতে পারলে আশা করা যায় মোংলা বন্দর আরও বেশি গতিশীল হবে।
এদিকে কমিটি কিছু কাজ করতে পারলে মোংলা বন্দর আরও বেশি গতিশীল হবে বলে মনে করেন ওই কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব মো. সাইফুল ইসলাম। এ নিয়ে তিনি গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
সাইফুল ইসলাম বলেন, মোংলা বন্দরকে ঘিরে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। শ্রমিক, ব্যবসায়ীসহ সব শ্রেণির মানুষ লাভবান হবে এবং শ্রমিকের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখবে।