মোংলায় সেনা এলপিজি ও সিমেন্ট কারখানা চালু
মোংলা বন্দরের শিল্প এলাকায় সেনা এলপিজি প্ল্যান্ট এবং সেনা সিমেন্ট কারখানা চালু হয়েছে।
সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এ দুটি কারখানার উদ্বোধন করেন। এ সময় সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, সেনা এলপিজি ও সেনা সিমেন্ট কারখানার প্রকল্প পরিচালক কর্নেল মোহাম্মদ নুরুল ইসলাম এবং পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, কারখানা দুটি আন্তর্জাতিক মানের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ও সিমেন্ট উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। তিনি বলেন, সেনাকল্যাণ সংস্থা সব সময় পণ্যের গুণগত মান রক্ষার চেষ্টা করে। সে জন্য গত ২৪ বছরে এ সংস্থার মালিকানাধীন মোংলা সিমেন্ট কারখানার এলিফ্যান্ট ব্র্যান্ড দেশে ও বিদেশে সমাদৃত হয়েছে।
মোংলা সিমেন্ট কারখানা সূত্রে জানা গেছে, ইউরোপের অত্যাধুনিক প্রযুক্তিতে ২০১৪ সালে এ দুটি প্রতিষ্ঠানের নির্মাণকাজ শুরু হয়। ২০১৬ সালের নভেম্বরে পরীক্ষামূলকভাবে উৎপাদনে যায় প্রতিষ্ঠান দুটি। এলপিজি প্রকল্পে দৈনিক ১ হাজার ২০০ সিলিন্ডার এবং সেনা সিমেন্ট কারখানায় প্রতি ঘণ্টায় প্রায় ৫০ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করা সম্ভব হবে।