বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসাইন স্পিনিং মিলসকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কোম্পানিটি আইপিওতে দুই কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে সাড়ে ২৭ কোটি টাকা সংগ্রহ করবে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, আইপিওতে প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। অর্থাৎ অভিহিত মূল্যেই কোম্পানিটি বাজারে শেয়ার ছাড়বে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও এএফসি ক্যাপিটাল।
এ ছাড়া গতকালের সভায় বিডিবিএলের ব্যবস্থাপনায় পরিচালিত বিএসআরএস মিউচুয়াল ফান্ডের অবলুপ্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। মিউচুয়াল ফান্ড বিধিমালার অবলুপ্তিসংক্রান্ত বিধি অনুযায়ী তহবিলটির অবলোপন কার্যক্রম সম্পন্ন হবে। সম্প্রতি ব্যবস্থাপক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তহবিলটির অবলুপ্তির বিষয়ে অনুমোদন চাওয়া হয়।