মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের আইপিও অনুমোদন
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডকে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বিএসইসির নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি সূত্রে জানা যায়, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস পুঁজিবাজারে দুই কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে ২৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করবে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ প্রতিষ্ঠানটি মেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
গত বছরের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৭৮ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯.৫৬ টাকা।
প্রতিষ্ঠানটির আইপিওর ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।