মোট লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিন দর বাড়ার পর গতকাল বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। দিন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির দরপতন হওয়ায় সূচক কমেছে।তবে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনে চেয়ে বেড়েছে এবং সমন্বিত লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেন গতকাল ৯০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে ৯৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১২ কোটি টাকা বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি।ফলে দুই বাজার মিলে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ১৭ কোটি টাকা।চার দিন একটানা দর বাড়ার পর গতকালের দরপতনের বিষয়টিকে প্রত্যাশিত ও স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, একটানা শেয়ারের দাম বাড়ায় অনেক বিনিয়োগকারী তাঁদের মুনাফা তুলে নেওয়ায় বাজারে মূল্য সংশোধন হয়েছে। আর লেনদেন বাড়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন তাঁরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক বুধবারের চেয়ে ৪৮ পয়েন্ট কমে আবার পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। এটি হয়েছে চার হাজার ৯৯০ পয়েন্ট।সূচকের ওঠানামার মধ্য দিয়ে গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম সাত মিনিটে সূচক বেড়ে যায় ২১ পয়েন্ট। তবে ২১ মিনিটের দিকে সূচক নিম্নমুখী হয়ে কমে যায় ১১ পয়েন্ট। আর আধা ঘণ্টা শেষে সূচক আবার ১০ পয়েন্ট বেড়ে যায়। দুপুর সোয়া ১২টার দিকে সূচক বাড়ে ৫৪ পয়েন্ট। এরপর সূচকের তির নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে গতকাল ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, ইউনাইটেড এয়ার, এমজেএল বিডি, তিতাস গ্যাস, যমুনা অয়েল, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট ও গোল্ডেন সন।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৮৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দাম বেড়েছে, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।