মোট ১৬ কোম্পানিকে সতর্কীকরণ, বরকত উল্লাহ ইলেকট্রোকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের নিজ নিজ কোম্পানির ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ অমান্য করেছে বরকত উল্লাহ ইলেকট্রো ডায়ানমিকস। এ কারণে কোম্পানিটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া তালিকাভুক্ত ১৬টি কোম্পানি ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পরিপালন করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অবহিত করেনি। এ কারণে ওই সব কোম্পানিকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ জন্য কোম্পানিগুলোকে কমিশনের পক্ষ থেকে সতর্কপত্র ইস্যু করা হবে।
গতকাল মঙ্গলবার বিএসইসির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, বরকত উল্লাহ ইলেকট্রো কমিশনের নির্দেশনা পরিপালন না করার মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে।
যেসব কোম্পানিকে সতর্কপত্র দেওয়া হবে সেগুলো হলো- এমবি ফার্মা, আনলিমা ইয়ার্ন ডায়িং, সিএমসি কামাল টেক্সাটাইল, পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স, প্রগতি লাইফ ইনস্যুরেন্স, কাশেম ড্রাইসেল, রংপুর ডেইরি, বিচ হ্যাচারি, ইমাম বাটন, প্রগতি ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, গ্লোবাল ইনস্যুরেন্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ইনটেক অনলাইন, ইসলামী ইনস্যুরেন্স ও মুন্নু সিরামিক।
কমিশনের গতকালের সভায় ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন অনুমোদন করা হয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্য বা ফেস ভ্যালুতে এক কোটি ২০ লাখ শেয়ার বাজারে ছাড়বে। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে।
কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস। বিএসইসির তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ইপিএস পাঁচ টাকা এক পয়সা।
মোজাফফর স্পিনিংয়ের লেনদেন শুরু: গতকাল থেকে শেয়ারবাজারে বস্ত্র খাতের নতুন কোম্পানি মোজাফফর স্পিনিং মিলসের লেনদেন শুরু হয়েছে। প্রথম দিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩৫৫ শতাংশ বেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম এদিন ৩৫ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ৪৫ টাকা ৫০ পয়সা। কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হয় ৪০ টাকায়। দিনের সর্বোচ্চ দাম উঠেছিল ৪৮ টাকা পর্যন্ত।
প্রথম দিনে ডিএসইতে কোম্পানিটির প্রায় ৩৪ কোটি টাকার ৭৪ লাখ শেয়ার লেনদেন হয়। কোম্পানিটি আইপিওতে দুই কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়েছে।