মোটরসাইকেল, ফ্রিজ ও এসির শুল্কপার্থক্য কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি ও উৎপাদন পর্যায়ে ফ্রিজের শুল্কপার্থক্য ২০ শতাংশ এবং মোটরসাইকেলের শুল্কপার্থক্য ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেকট্রনিকস মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিইএমএ) এবং বাংলাদেশ মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসেম্বলার্স অ্যাসোসিয়েশন (বিএমএমএএ)।রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠন দুটির নেতারা এসব দাবি জানান।সভায় ফ্রিজকে বিলাসজাত দ্রব্য নয় উল্লেখ করে আমদানির ওপর আরোপিত ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারেরও দাবি জানানো হয়। সংগঠন দুটির নেতারা সভায় জানান, বিদেশ থেকে একটি ফ্রিজ আমদানি করলে সরকারকে ১৩৬ শতাংশ শুল্ক দিতে হয়। কিন্তু দেশে ফ্রিজ তৈরি করলে শুল্ক দিতে হয় মাত্র ১৪ শতাংশ। শুল্কপার্থক্য ১২২ শতাংশ।আবার স্থানীয়ভাবে উৎপাদিত এবং স্থানীয়ভাবে সংযোজিত মোটরসাইকেলের মধ্যকার শুল্কপার্থক্য প্রায় ৮৩ শতাংশ। অন্যদিকে শীতাতপনিয়ন্ত্রকের (এসি) মধ্যে শুল্কপার্থক্য ১৭৫ দশমিক ৬৪ শতাংশ। দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার নামে এত বেশি শুল্কপার্থক্য রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তাঁরা মন্তব্য করেন। মোটরসাইকেল সংযোজনকারী সমিতির নেতারা বলেন, স্থানীয়ভাবে মোটরসাইকেল উৎপাদনকারীরা তাদের ব্যবহূত ৭০০ যন্ত্রাংশের মধ্যে মাত্র সাত-আটটি তৈরি করেন। বাকিগুলো আমদানি করেন। এ ক্ষেত্রে আমদানি করা যন্ত্রাংশের ক্ষেত্রে সবার জন্য একই এইচএস কোড ব্যবহার করা প্রয়োজন।সভার প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, শিল্প মন্ত্রণালয় শিল্পভিত্তিক শিল্পায়নের পক্ষে। তবে নীতিমালার ক্ষেত্রে বৈষম্যের কোনো সুযোগ নেই। শিগগিরই দেশে ফ্রিজ, এসি ও মোটরসাইকেল উৎপাদনকারী এবং আমদানিকারকদের সঙ্গে বৈঠকের আয়োজন করে শিল্প মন্ত্রণালয় বিদ্যমান জটিলতা নিরসনের উদ্যোগ নেবে বলেও জানান শিল্পমন্ত্রী। বিশেষ অতিথি এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘দেশীয় শিল্পের সুরক্ষার জন্য আমরা সুবিধা দেব। কিন্তু এ জন্য অন্যকে মেরে ফেলব না।’ তবে তিনি বলেন, দীর্ঘ মেয়াদে কোনো দেশ আমদানিনির্ভর দেশ হিসেবে থাকতে পারে না। এ জন্য এখন ব্যবসায়ীদের উৎপাদনমুখী হওয়া প্রয়োজন।বিএমএমএএর সভাপতি মতিউর রহমান বলেন, বিদেশ থেকে আমদানি করা এসি যদি বিলাস পণ্য হয়, তবে দেশে উৎপাদিত এসিও বিলাস পণ্য।বিএমএমএএর সহসভাপতি এ এস হেলাল উদ্দিন বলেন, দেশে বছরে সাড়ে তিন লাখ মোটরসাইকেলের বাজার রয়েছে। এর ৮০ শতাংশই পূরণ হচ্ছে আমদানি করা মোটরসাইকেল দিয়ে। ফ্রিজ, এয়ারকন্ডিশন ব্যবসায়ী সমিতির নেতা দেলোয়ার হোসেন বলেন, ‘১৯০ শতাংশ শুল্ক দিয়ে এক টন ওজনের একটি এসি আমরা বিক্রি করছি ৪৩ হাজার টাকায়। আর দেশে উৎপাদনকারীরা শুল্কসুবিধা নিয়ে ওই এসি বিক্রি করছে ৪৬ হাজার টাকায়।’বিইএমএর সভাপতি আমির হোসেন খানের সভাপতিত্বে সভায় এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসিম উদ্দিন, সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ এম হাবীব রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।