
চারদিকে নতুন নতুন গাড়ির সমাহার। কার, জিপ, মোটরসাইকেল, বাস, ট্রাক—কী নেই এখানে। তবে ক্রেতা-দর্শনার্থীদের ব্যক্তিগত গাড়ির দিকেই বেশি নজর ছিল। রাজধানীর গাড়ি মেলার শেষ দিনেও ছিল বেশ ভিড়। বিশেষ করে তরুণদের মধ্যে আগ্রহ মোটরসাইকেলে। সরকারি ছুটির দিন হওয়ায় গতকাল শনিবার অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি দেখতে গেছেন। সাধ্যের হিসাব মেলাতে চেষ্টা করেছেন তাঁরা। সকাল থেকেই ভিড় ছিল।
এই ছিল বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটির ইন্দো-বাংলা অটোমোটিভ শোর শেষ দিনের চিত্র। গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। ভারতের সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) এ প্রদর্শনীর আয়োজন করেছে।
আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তিন দিনে আড়াই শর মতো গাড়ি বিক্রি হয়েছে। আবার অনেকে গাড়ি দেখে গেছেন।
গতকাল দুপুরে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, বসুন্ধরা কনভেনশন সিটির ২ নম্বর হলেই বেশি ভিড়। এই হলে হিরো, হোন্ডা, বাজাজ, ইয়ামাহা, রানার, টিভিএস—প্রায় সব নামীদামি প্রতিষ্ঠানের মোটরসাইকেল প্রদর্শিত হচ্ছে। তাই তরুণ-তরুণীদের আগ্রহ বেশি। প্রদর্শনীতে প্রায় সব প্রতিষ্ঠান সর্বশেষ মডেলের মোটরসাইকেল নিয়ে এসেছে। তরুণদের আগ্রহ বেশি ১২৫ থেকে ১৫০ সিসি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের মোটরসাইকেলে। এসব মোটরসাইকেলের দাম দেড় লাখ টাকার বেশি। সরেজমিনে দেখা গেছে, অনেক তরুণ মোটরসাইকেল উঠে দেখছেন। আর সুশিক্ষিত ও আধুনিক বিক্রয়কর্মীরা ক্রেতা-দর্শনার্থীদের মোটরসাইকেলের বৈশিষ্ট্য সম্পর্কে আগ্রহীদের জানাচ্ছেন। আবার অনেকেই নিজেদের মোবাইল ফোনে মোটরসাইকেলের সামনে সেলফি তুলতেও ব্যস্ত ছিলেন।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন বসুন্ধরার আরিফ হোসেন। অফিস গুলশানে। চার বছর ধরে নিজে বাইক চালিয়ে অফিস করেন। আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘নতুন মোটরসাইকেল কেনার পরিকল্পনা আছে। তাই দেখতে এলাম নতুন মডেলের কোন মোটরসাইকেল এসেছে। বাজেটের মধ্যে পছন্দ হলে কিনব।’
বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীরা জানিয়েছেন, মোটরসাইকেলই বেশি বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতিটি প্রতিষ্ঠানই মোটরসাইকেলের মূল্যে ছাড় দিয়েছে।
১ নম্বর হলে ব্যক্তিগত ব্যবহারের জন্য কার ও জিপ প্রদর্শিত হচ্ছে। মূলত টাটা ও মারুতি সুজুকির নানা মডেলের গাড়ি আছে এখানে। এই হলে আসা ক্রেতা-দর্শনার্থীদের মধ্যে টাটার ন্যানো গাড়িতে বেশ আগ্রহ দেখা গেছে। মেলা উপলক্ষে এক লাখ টাকা ছাড় দেওয়া হয়েছে। আগ্রহী ক্রেতাদের জন্য ন্যানো গাড়িতে পরীক্ষামূলকভাবে চড়ে দেখার সুযোগও ছিল। টাটা গাড়ির পরিবেশক নিলয় মোটরস।
এদিকে সুজুকি গাড়ির স্টলে চার-পাঁচ মডেলের কার প্রদর্শিত হয়েছে। তবে হ্যাচব্যাক বডির গাড়ির দিকে বেশি চোখ ছিল ক্রেতা-দর্শনার্থীদের। ওয়াগন আর, অলটো, সুইফট—এ তিন মডেলের গাড়িতে এক লাখ টাকা পর্যন্ত ছাড় ছিল। গতকাল দুপুর ১২টা থেকে বেলা ২টার মধ্যেই দুটি গাড়ি ক্রয় আদেশ পেয়েছে সুজুকির পরিবেশক উত্তরা মোটরস। এ ছাড়া মেলায় বাস, ট্রাক, লরি, ছোট পিকআপসহ বিভিন্ন ধরনের গাড়িও প্রদর্শিত হয়েছে।
এদিকে মেলার শেষ দিনে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিয়াম। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের মানুষের গাড়ির ক্রয়ক্ষমতা বাড়ছে। ভবিষ্যতে এই গাড়ির মেলার আয়োজন করবে সিয়াম।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সিয়ামের উপমহাপরিচালক সুগত সেন, বাংলাদেশ মোটরসাইকেল এসেম্বলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান, সিয়ামের পরিচালক দেবাশীষ মজুমদার।