বাজেটে মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ১৫ শতাংশ বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে মোটরসাইকেল ডিলার অ্যাসোসিয়েশনের দিনাজপুর শাখা। দিনাজপুর প্রেসক্লাবে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক সাব্বির হোসেন। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম শাহরিয়ার আরিফ, সদস্য আবুল কালাম আজাদ, তৈয়ব উদ্দীন চৌধুরী, জয়নাল আবেদিন, এ টি এম শাহীদ রেজা প্রমুখ। আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এ ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে বলা হয়, মোটরসাইকেল এখন দেশের গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগের অন্যতম বাহন। সম্পূরক শুল্ক আরোপ হলে বেড়ে এটি তাঁদের জন্য বিলাস পণ্যে পরিণত হবে। এতে ক্রেতার মতো বিক্রেতারাও ক্ষতির মুখে পড়বেন।
দিনাজপুর অফিস