দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের প্রস্তাব
মোদির কাছে ৫০ একর জমি চাইল বিজিএমইএ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর দেশের ৫০ একর জমি বরাদ্দ চেয়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। ওই জায়গার ওপর ভারতের সবচেয়ে বড় পোশাকপণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র গড়ে তুলতে চায় সংগঠনটি।
বিজিএমইএ ভারতে তৈরি পোশাকের এক হাজার বিক্রয়কেন্দ্র স্থাপনও করতে আগ্রহী। এসবের জন্য ২ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করে একটি কোম্পানি গঠনে বিজিএমইএর ইচ্ছার কথাও ভারতীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আতিকুল ইসলাম।
নরেন্দ্র মোদির সফরের শেষ দিন গতকাল রোববার তাঁর সঙ্গে রাজধানীর সোনারগাঁও হোটেলে দেশের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল দেখা করে। ওই সাক্ষাতেই আতিকুল ইসলাম এসব কথা বলেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নরেন্দ্র মোদিকে আমি বলেছি, ভারতের কাপড় কিনে বাংলাদেশে পোশাক তৈরি করে আবার আপনাদের কাছেই রপ্তানি করব। এতে আপনার দেশের ভোক্তারা সস্তায় কাপড় কিনতে পারবে।’
নরেন্দ্র মোদি প্রস্তাবের কেমন প্রতিক্রিয়া দেখিয়েছেন জানতে চাইলে আতিকুল ইসলাম বলেন, ‘তিনি বলেছেন, আমরা সিঙ্গাপুরসহ অন্য অনেক দেশ থেকে কাপড় কিনি। বাংলাদেশ ইউরোপ-আমেরিকায় পোশাক রপ্তানি করে। এসব অঞ্চলের ক্রেতারা সস্তার কারণেই তো এসব আমদানি করে। তাহলে আমরা কেন বাংলাদেশ থেকে কিনব না।’
মোদির বরাত দিয়ে বিজিএমইএর সভাপতি বলেন, ‘তিনি বলেছেন, একটি খাত থেকে ২৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়। আবার সেখানে ৪৪ লাখ মানুষের কর্মসংস্থান হয়। সেখান থেকে অবশ্যই আমাদের শেখার অনেক কিছু আছে।’ বাংলাদেশি পোশাকের ওপর আরোপিত ভারতীয় কাউন্টারভেইলিং শুল্ক প্রত্যাহার এবং এ দেশ থেকে আরও পোশাক আমদানির অনুরোধ জানান আতিকুল ইসলাম।
বিজিএমইএর সভাপতি আরও জানান, বেনাপোলে তিন দিন সাপ্তাহিক ছুটি ও ভারতের বন্দরকেন্দ্রিক অবকাঠামোগত সমস্যার বিষয়টি মোদির কাছে তুলে ধরেছেন। জবাবে মোদি বলেন, সমস্যাগুলো তিনি জানেন। এসব সমাধানে তিনি পদক্ষেপ নেবেন।
দুই দিনের সফরের শেষ কর্মসূচি হিসেবে গতকাল সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে জনবক্তৃতা দেন নরেন্দ্র মোদি। বক্তব্য শেষে সম্মেলনস্থল ত্যাগ করার সময় আতিকুল ইসলাম তাঁকে অভিনন্দন জানান। আতিক বলেন, ‘এ সময় মোদি তাঁকে বলেন, “আমরা তোমাদের কাছ থেকে আরও বেশি কাপড় কিনব। আর তোমার প্রস্তাব ভালো লেগেছে”।’
নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করা ব্যবসায়ী প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাতলুব আহমাদ। মোদিকে উদ্দেশ করে তিনি দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে ‘প্রাইভেট সেক্টর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের প্রস্তাব করেন। তিনি বলেন, এই কমিটি রপ্তানি বাড়ানোর মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে কমাতে কাজ করবে। এই কমিটির কার্যক্রম সুচারুভাবে করার জন্য দুই দেশের সরকার সহ-আহ্বায়কদের মনোনয়ন দিতে পারে।
মাতলুব আহমাদ আরও জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফরকালে সই হওয়া প্রটোকলগুলো বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ব্যবসা-বিনিয়োগ এক নতুন উচ্চতায় পৌঁছাবে। ফলে এখন থেকে এ-দেশীয় ব্যবসায়ীরা ভারতের যেকোনো স্থানে নির্বিঘ্নে যেতে পারবেন। ব্যবসায়ীরা ভারত হয়ে নেপাল ও ভুটানেও যেতে পারবেন। এতে ব্যবসার নতুন নতুন সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হবে। এই সংযোগ এবং আঞ্চলিক সহযোগিতার কারণে ব্যবসা ও রাজনীতির ক্ষেত্রে শীর্ষ অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে।
বৈঠকের বিষয়ে ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ প্রথম আলোকে বলেন, ‘নরেন্দ্র মোদির সফরে যেসব চুক্তি সই হয়েছে, আমরা সেগুলো বাস্তবায়নের ওপর জোর দিয়েছি। আমরা বলেছি, রাজনৈতিক এই সিদ্ধান্তের অবশ্যই গুরুত্ব আছে। কিন্তু অনেক সময় আমলাতন্ত্রের কারণে সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেছনে পড়ে যায়। সে জন্য আমরা সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে এসব চুক্তির বাস্তবায়নের কথা বলেছি।’
বৈঠক সূত্র জানায়, বৈঠকে মেট্রোপলিটন চেম্বারের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর ভারতে যেন বাংলাদেশের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন, সে সুযোগ অবারিত করার প্রস্তাব দিয়েছেন। এফবিসিসিআইয়ের সহসভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এ দেশে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণে ভারতকে বিনিয়োগের আহ্বান জানান।
ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া কেমন ছিল—জানতে চাইলে হোসেন খালেদ বলেন বলেন, ‘ওনার প্রতিক্রিয়া ছিল খুবই ইতিবাচক। তিনি আমাদের কোনো প্রতিশ্রুতি দেননি। তবে বলেছেন, ভারতের লাভ বিবেচনা করেই তিনি এসব প্রস্তাব নিয়ে এগোতে চান।’
বৈঠকে অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।