মোদির শপথের প্রভাব শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমবার সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদি। আর এর প্রভাবে চাঙাভাব লক্ষ করা গেছে ভারতের শেয়ারবাজারে। দিনের শুরুতেই বিএসই সেনসেক্স সূচক ২৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়।
শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ লেনদেনের শুরুতে বিদেশি এবং খুচরা বিনিয়োগ বেড়ে যাওয়ায় বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা।
ব্রোকাররা বলছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নতুন সরকার দেশটির অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে বেশ কিছু পদক্ষেপ নেবে। আর এ কারণে বিদেশি বিনিয়োগ বেড়ে যাওয়ায় তার প্রভাব শেয়ারবাজারে পড়েছে।
ইন্ডিয়ান টুডের এক খবরে বলা হয়, গত দুই দিনের মতো আজও সূচক বৃদ্ধি অব্যাহত রয়েছে শেয়ারবাজারে। দিনের শুরুতেই সেনসেক্স সূচক ৩৪৪ পয়েন্ট বেড়ে ২৫ হাজার ৩৭ পয়েন্টে দাঁড়ায়। এ ছাড়া অন্য সূচকগুলোতেও চাঙাভাব লক্ষ করা যায়। এর আগে গত ১৬ মে নির্বাচনের ফলাফল ঘোষণার দিন সেনসেক্স ২৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছিল। এ ছাড়া গত দুই দিনও ৩৯৫ পয়েন্ট বাড়ে সেনসেক্স সূচক।
একই ভাবে দিনের শুরুতে এনএসই নিফটি সূচক ১ দশমিক ২২ শতাংশ বা ৯০ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪০০ পয়েন্টে ছাড়িয়ে যায়।
এদিকে আজ সকালে এশিয়ার অন্য শেয়ারবাজারগুলোতে ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। দিনের শুরুতে হংকংয়ের হ্যাং সেং সূচক দশমিক ৩৯ শতাংশ ও জাপানের নিক্কেই সূচক দশমিক ৭৩ শতাংশ বেড়ে যায়। অন্যদিকে মার্কিন ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক শুক্রবার দশমিক ৩৮ শতাংশ বেড়েছিল।
এদিকে ভারতের স্থানীয় সময় দুপুর ১২টায় বিএসই সেনসেক্স সূচক এক দশমিক ৭৮ শতাংশ বা ৪৩৭.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫,১৩০.৭৩ পয়েন্টে। একই সময়ে বিএসই ১০০ সূচক ১ দশমিক ৮০, বিএসই মিডক্যাপ ১ দশমিক ৪৪, বিএসই স্মল ক্যাপ ১ দশমিক ৭৯ ও বিএসই ২০০ সূচক ১ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।