মোবাইল অপারেটর টেলিটকের নেটওয়ার্কে দিনভর বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকে নেটওয়ার্ক বিভ্রাট ঘটেছে। এর ফলে গতকাল রোববার সারা দিনই টেলিটকের গ্রাহকেরা টেলিযোযোগ-বিচ্ছিন্ন ছিল। টেলিটকে কেন এ বিপর্যয় ঘটল বা কখন নেটওয়ার্ক চালু হবে তা জানার জন্য টেলিটকের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। কেননা, ওই সব কর্মকর্তাও টেলিটকের সংযোগ ব্যবহার করেন। তবে টেলিটক অফিসে ফোন করে জানা যায়, দুপুর নাগাদ নেটওয়ার্ক চালু হবে। যদিও রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নেটওয়ার্ক চালু হয়নি। জানা গেছে, টেলিটকের রমনা বিটিএসে (বেস ট্রানসিভার স্টেশন) সকাল সাতটার দিকে প্রথম গোলযোগ দেখা দেয়। পরে মূল এক্সচেঞ্জও অচল হয়ে পড়ে। সবচেয়ে বেশি সমস্যা ছিল ইনকামিং সিস্টেমে। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের তত্ত্বাবধানে রমনা বিটিএসে কাজ চলছে বলে জানা গেছে। বিটিআরসির তথ্য অনুযায়ী টেলিটকের বর্তমান গ্রাহকসংখ্যা প্রায় ১০ লাখ।