মোবাইল অপারেটরদের লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়বে
মোবাইল ফোন অপারেটরদের লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়বে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নবায়ন নীতিমালা চূড়ান্ত বলে লাইসেন্স নবায়নের সময়সীমা এক থেকে দুই মাস বাড়ানোর পরিকল্পনা আছে।গতকাল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মোবাইল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে ‘লাইসেন্স নবায়ন নীতিমালা’ নিয়ে বৈঠকের পর প্রথম আলোকে এ কথা বলেন মন্ত্রী। টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোসের সভাপতিত্বে বৈঠকে লাইসেন্স নবায়ন নীতিমালা চূড়ান্ত করা নিয়ে আলোচনা হয়। খসড়া নীতিমালা অনুযায়ী লাইসেন্স নবায়ন ও তরঙ্গ বরাদ্দের জন্য চার অপারেটরকে প্রথম ধাপে ১৪ হাজার কোটি টাকা দিতে হবে। তবে অর্থমন্ত্রীর নির্দেশনায় লাইসেন্স নবায়ন ও তরঙ্গ বরাদ্দের ফির বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান টেলিমন্ত্রী।বৈঠকে উপস্থিত গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন প্রথম আলোকে বলেন, স্বয়ংসম্পূর্ণ ও ব্যবসাবান্ধব লাইসেন্স নবায়ন নীতিমালা তৈরি করতে তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। বৈঠকে বাংলালিংকের প্রধান রেগুলেটরি কর্মকর্তা জাকিউল ইসলাম, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার, সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, এয়ারটেলের প্রধান রেগুলেটরি কর্মকর্তা আশরাফুল এইচ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।