মোবাইল আর্থিক সেবার বাজার এখনো উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট লেনদেনের ৮০ শতাংশই সম্পন্ন হয় আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে। আর বাকি ১৯টি ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় ২০ শতাংশ। এরপরও দেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো আর্থিক সেবার বাইরে আছেন। তাই অন্য প্রতিষ্ঠানগুলোরও সুযোগ আছে এ খাতে ব্যবসা বাড়ানোর।
এমন মতামতই উঠে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান ফিনএক্সেল আয়োজিত ‘বাংলাদেশে মোবাইল আর্থিক সেবা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায়। ঢাকার একটি হোটেলে গতকাল সোমবার বিভিন্ন বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা এ কর্মশালায় অংশ নেন। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান পাই স্ট্র্যাটেজির ব্যবস্থাপনা অংশীদার পিয়াল ইসলাম ও ফিনএক্সেলের চেয়ারম্যান মামুন রশিদ কর্মশালাটি পরিচালনা করেন।
পিয়াল ইসলাম বলেন, বাংলাদেশের মোবাইল ব্যাংকিংয়ে বিকাশের মাধ্যমে ৮০ শতাংশ লেনদেন হয়। তবে এটি বাংলাদেশের মোট বাজারের ১০ শতাংশেরও কম। তাই অন্য প্রতিষ্ঠানগুলোর এ বাজার ধরার সুযোগ এখনো আছে। এ জন্য ব্যাংকগুলোকে বড় অঙ্কের বিনিয়োগ করতে হবে। আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে মোবাইল ব্যাংকিংয়ে টাকা লেনদেনের পাশাপাশি অন্যান্য সেবা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
মামুন রশিদ উপস্থাপনায় বলেন, মোবাইল আর্থিক সেবা খাতকে ব্যাংকনিয়ন্ত্রিত মডেলেই রাখতে হবে। এর পাশাপাশি টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলোকে এ খাতে বিনিয়োগের সুযোগ দেওয়া যেতে পারে। বাজারে বেশিসংখ্যক প্রতিষ্ঠান নিয়ে আসার চেয়ে যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যেই এ খাতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে, তাদের সেবা সঠিকভাবে চলছে কি না, সেটি নিশ্চিত করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।