মোবাইল ও ইন্টারনেট গ্রাহক বাড়ার ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মার্চে দেশের মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহক বাড়ার ধারা অব্যাহত ছিল। এ মাসে মোবাইল ফোনের গ্রাহক বেড়েছে ১০ লাখেরও বেশি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে ১২ লাখের বেশি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ হিসাবমতে এ তথ্য পাওয়া গেছে।

আজ রোববার মার্চ মাস পর্যন্ত মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহকদের পরিসংখ্যান প্রকাশ করেছে বিটিআরসি। মোবাইল কোম্পানিগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটি প্রতি মাসে এ প্রতিবেদন প্রকাশ করে থাকে।
মোবাইল ও ইন্টারনেট গ্রাহক বৃদ্ধির এই প্রবণতাকে টেলিযোগাযোগ খাতের জন্য ইতিবাচক হিসেবে দেখছে মোবাইল ফোন কোম্পানিগুলো। সামনের দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকবে বলে তাদের প্রত্যাশা।
বিটিআরসির ওয়েবসাইটে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মার্চ মাসে বড় কোম্পানিগুলোর গ্রাহক বেড়েছে। সিটিসেলের গ্রাহক কমেছে বরাবরের মতো। তবে গ্রাহক হারিয়েছে তৃতীয় বৃহত্তম অপারেটর রবি।
বিটিআরসির এই হিসাব অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসের ১২ কোটি ২৬ লাখ ৫৭ হাজার গ্রাহকের জায়গায় মার্চে মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। অর্থাৎ, এক মাসে গ্রাহকসংখ্যা বেড়েছে ১০ লাখ ৩৩ হাজার। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে বাংলালিংকের। তাদের গ্রাহক বেড়েছে চার লাখ নয় হাজার।
এ হিসাব অনুযায়ী গ্রাহকসংখ্যার দিক থেকে মার্চ মাসেও দেশের শীর্ষ মোবাইল অপারেটর হিসাবে জায়গা ধরে রেখেছে গ্রামীণফোন। চার লাখ সাত হাজার গ্রাহক বেড়ে তাদের গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ২০ লাখ ৬ হাজারে। গ্রাহকসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম অপারেটর বাংলালিংক। চার লাখ নয় হাজার গ্রাহক বেড়ে তাদের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লাখ ২৪ হাজারে। মার্চে ১ লাখ ২৫ হাজার গ্রাহক হারিয়ে রবির গ্রাহকসংখ্যা দাঁড়ায় ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজারে।
অন্যদিকে গ্রাহক কমার ধারা অব্যাহত রয়েছে সিটিসেলের। মার্চে তাদের গ্রাহক ১৭ হাজার কমে দাঁড়িয়েছে ১২ লাখ ৪৬ হাজারে। আরেক অপারেটর এয়ারটেলের গ্রাহকসংখ্যা ২ লাখ ৪১ হাজার বেড়ে দাঁড়ায় ৮১ লাখ ৮৫ হাজারে। রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর টেলিটকের গ্রাহক মার্চে ১ লাখ ১৯ হাজার বেড়ে দাঁড়িয়েছে ৪০ লাখ ৪১ হাজারে।
বিটিআরসির প্রকাশিত তথ্য অনুসারে মার্চ শেষে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৪ কোটি ৪৬ লাখ ২৫ হাজার, যা ফেব্রুয়ারি মাসে ছিল ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার। অর্থাৎ আগের মাসের তুলনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১২ লাখ ৬ হাজার। এর মধ্যে প্রায় সবাই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। তবে ওয়াইম্যাক্স ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ২ লাখ ১৫ হাজার থেকে কমে দাঁড়িয়েছে দুই লাখ আট হাজারে। আর আইএসপি ও পিএসটিএনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচ হাজার বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৫০ হাজারে।
সাধারণত তিন মাসের সক্রিয় গ্রাহক বিবেচনায় ইন্টারনেট গ্রাহক হিসাব করা হয়।