মোবাইল ফোন অপারেটরদের সেবামানের র্যাঙ্কিং হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন সেবার মানের ওপর দেশব্যাপী গ্রাহক জরিপ করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ জন্য কমিশন তিনটি কমিটি গঠন করেছে।
এসব কমিটি চলতি আগস্ট থেকে শুরু করে আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশের ১৫টি জেলা শহরের ৪৫টি উপজেলায় ছয় মোবাইল ফোন কোম্পানির সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) ও গ্রাহক অভিজ্ঞতার তথ্য সংগ্রহ করবে। এর ভিত্তিতে মোবাইল অপারেটরের র‌্যাঙ্কিং বা অবস্থান প্রকাশ করা হবে।

>চলতি আগস্ট থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশের ১৫টি জেলার ৪৫টি উপজেলায় ছয় মোবাই​ল ফোন কোম্পানির সেবামানের ওপর জরিপ

জানা গেছে, দেশে মোবাইল ফোন সেবার মান কোন পর্যায়ে রয়েছে, তা সরেজমিনে জানতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজটি নিয়মিতভাবে চলবে।
বিটিআরসি সূত্রমতে, প্রতিটি কমিটিতে এই সংস্থার সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস (এসএস), ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস (ইঅ্যান্ডও) ও স্পেক্ট্রাম ম্যানেজমেন্ট (এসএম) বিভাগের একজন করে সদস্য থাকবেন। পাশাপাশি একজন কম্পিউটার অপারেটর এবং মোবাইল ফোন কোম্পানিগুলোর একজন প্রতিনিধি থাকবেন।
প্রথম ধাপে যে ১৫টি জেলায় জরিপ চালানো হবে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কক্সবাজার, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, হবিগঞ্জ, পটুয়াখালী ও চাঁদুপর। প্রতিটি জেলায় সদরসহ আরও দুটি নির্বাচিত উপজেলায় জরিপ করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এ জরিপ চালানো হবে।
প্রথম পর্যায়ের জরিপ আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। জরিপ শেষে সাত কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন কমিশনে জমা দেবে কমিটিগুলো। জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে নির্ধারণ করা হবে অপারেটরদের র‌্যাঙ্কিং। এতে যারা নিচের দিকে থাকবে তাদের সেবার মান উন্নয়নে তাগিদ দেওয়া হবে।
জরিপের তথ্য সংগ্রহে প্রয়োজনীয় যন্ত্রপাতি বিটিআরসি নিজস্ব উৎস থেকে ব্যবহার করবে। প্রয়োজনে মোবাইল অপারেটরদের কাছ থেকেও নেওয়া হবে কিছু যন্ত্রপাতি। সেবার মান নির্ণয়ে যন্ত্রপাতির সঙ্গে নানা রকমের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। আর গ্রাহক অভিজ্ঞতা জানতে নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে একটি তথ্যভান্ডার তৈরি করা হবে।
বিটিআরসির সচিব ও মুখপাত্র মো. সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে মোবাইল সেবার মানের প্রকৃত অবস্থা কেমন, সেটা জানতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইল সেবার মান যেমন নিশ্চিত হবে, তেমনি অপারেটরদের মধ্যেও সুস্থ প্রতিযোগিতা বাড়বে।’
গ্রাহক সেবার মান নিশ্চিত করতে বিটিআরসি ২০১৪ সালের জানুয়ারিতে মোবাইল অপারেটরদের জন্য একটি নির্দেশনা জারি করে। এ নির্দেশনায় প্রতি মাসের প্রথম সপ্তাহে মোবাইল অপারেটরদের সেবার মান সম্পর্কিত একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। তাতে অপারেটরদের জমা দেওয়া প্রতিবেদন, গ্রাহক জরিপ ও বিটিআরসির নিজস্ব অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে অপারেটরদের বার্ষিক অবস্থান তালিকা প্রকাশের বিষয়টিও বলা আছে। কিন্তু এত দিন তা হয়নি।
সেবার মান নিশ্চিত করতে ওই নির্দেশনায় অনেক বিষয়ের মানদণ্ডও নির্ধারণ করে দেওয়া আছে। যেমন ফোন কলের ক্ষেত্রে সাফল্যের হার ৯৭ শতাংশ বা তার বেশি হতে হবে, কল ড্রপের হার ২ শতাংশ বা তার কম। সময়, স্থান, অপারেটরদের আন্তসংযোগের সমস্যার কারণে কল ব্যাহত হওয়ার হার ৩ শতাংশের বেশি হওয়া যাবে না। এসএমএস বা খুদে বার্তা পাঠানোর ক্ষেত্রে সাফল্যের হার মাসে হতে হবে কমপক্ষে ৮৫ শতাংশ। প্রতি মাসে ১ শতাংশ বা এর চেয়ে কম গ্রাহক অভিযোগ করলে একটি অপারেটরের সেবা মানসম্পন্ন বলে বিবেচিত হবে।