মোবাইল ফোন অপারেটররা একগুচ্ছ কর রেয়াত পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটরদের জন্য একগুচ্ছ কর রেয়াত সুবিধা আসছে। বেশ কিছু খাতে মূল্য সংযোজন কর (মূসক) ছাড় দেওয়া হচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আয় ভাগাভাগির (রেভিনিউ শেয়ারিং) সময় মোবাইল ফোন অপারেটরদের এখন থেকে আর মূল্য সংযোজন কর দিতে হবে না। গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় সোমবার এনবিআরের চেয়ারম্যান মো. গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘টেলিযোগাযোগ খাতের সার্বিক উন্নয়নের স্বার্থেই মূসক হার প্রত্যাহার ও কমানোর সিদ্ধান্ত হয়েছে।’ মোবাইল ফোন অপারেটরদের আয়ের ৫ দশমিক ৫ শতাংশ বিটিআরসির সঙ্গে ভাগাভাগি বা রেভিনিউ শেয়ারিং করে থাকে। ওই সময় এনবিআরের পক্ষে অপারেটরদের কাছ থেকে ১৫ শতাংশ হারে মূসক কেটে রাখে বিটিআরসি। দীর্ঘদিন থেকেই এ অর্থ দিতে চাইছিল না অপারেটরগুলো। এ বিষয়ে এনবিআরের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অপারেটরগুলোর দাবি, রেভিনিউ শেয়ারিংয়ের সময়ও মূসক আদায় করার মানে হলো অপারেটরদের কাছ থেকে দ্বৈত কর আদায় করা। কর-সংক্রান্ত জটিলতা নিরসনে গত এক মাসে কয়েক দফা এনবিআরের সঙ্গে সভা করেছেন মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধিরা। তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রিজি) তরঙ্গ বরাদ্দ মাশুল জমা দেওয়ার সময়ও মূসক কমানোর উদ্যোগ নিয়েছে এনবিআর। এ ক্ষেত্রে বর্তমানে ৭ দশমিক ৭ শতাংশ হারে মূসক কেটে রাখার বিধান থাকলেও তা ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। এনবিআর অবশ্য শুধু থ্রিজি তরঙ্গ বরাদ্দ মাশুলের ক্ষেত্রে এই মূসক হ্রাস প্রযোজ্য হওয়ার কথা বললেও অপারটেররা চায়, সব সময়ের জন্য হোক। এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ অর্থমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। অর্থমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে শিগগিরই এ-সংক্রান্ত আদেশ জারি করবে এনবিআর। ঈদের পর ১২ আগস্ট থ্রিজি নিলামে অংশ নেওয়ার আবেদনের শেষ দিন। আর আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে থ্রিজি তরঙ্গ বরাদ্দের নিলাম। এই নিলামে মোবাইল ফোন অপারেটররা অংশ নেবে বলে জানা গেছে। অপারেটর কোম্পানি ও এনবিআরের মধ্যকার চলমান মামলাগুলো নিরসনের উদ্যোগও নেওয়া হয়েছে। মামলার পরিবর্তে বিকল্প উপায় কী হতে পারে, তা বের করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এই কমিটি আগামী তিন সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করবে।এ ছাড়া থ্রিজি কার্যক্রম সম্পন্ন করতে আগামী কয়েক বছর যেসব যন্ত্রপাতি আমদানি করবে অপারেটররা, সেগুলোতে কর ছাড় দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।