মোবাইল ফোন উৎপাদনে আগ্রহী ওয়ালটন ও সিম্ফনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রাংশ আমদানির মাধ্যমে দেশে মোবাইল ফোন উৎপাদনের জন্য সরকারের কাছে আবেদন করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ও সিম্ফনি। কারখানা স্থাপনের অনুমতি চেয়ে এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছেও আবেদন করেছে প্রতিষ্ঠান দুটি। বিষয়টি আমলে নিয়ে দেশে মোবাইল ফোন উৎপাদনবিষয়ক একটি খসড়া নীতিমালা তৈরি করেছে বিটিআরসি।

দেশে বর্তমানে বছরে সাধারণ ফোন ও স্মার্টফোন মিলিয়ে তিন কোটি মোবাইল ফোন বিক্রি হয়। এ বাজারের আকার আর্থিক মূল্যে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা। বর্তমানে চাহিদার পুরোটাই আমদানি করে পূরণ করা হয়। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে উৎপাদন করতে পারলে আমদানিনির্ভরতা কমিয়ে আরও কম দামে সাধারণ মানুষের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া সম্ভব হবে।

মোবাইল ফোন উৎপাদনে বিটিআরসি যে খসড়া নীতিমালা তৈরি করেছে, সেখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য ‘এ’ ও ‘বি’ দুই ধরনের লাইসেন্স দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ‘এ’ শ্রেণির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিজস্ব উৎপাদনব্যবস্থার পাশাপাশি মোবাইল ফোনের মান নিয়ন্ত্রণে টেস্টিং ল্যাব বা পরীক্ষাগার থাকতে হবে। এ পরীক্ষাগারে উৎপাদিত মোবাইল ফোন নির্ধারিত মান বজায় রেখে তৈরি হচ্ছে কি না, সেটি নিশ্চিত করতে হবে। আর ‘বি’ শ্রেণির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিজস্ব পরীক্ষাগার না থাকলেও চলবে। তবে মোবাইল ফোনের মান যাচাইয়ের জন্য ‘বি’ শ্রেণির কারখানাকে বিটিআরসি অনুমোদিত পরীক্ষাগারের সঙ্গে চুক্তি করতে হবে। বিটিআরসির কাছে উৎপাদন সনদ পাওয়ার পর প্রতিটি কারখানাকে নিজ খরচে ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) সংগ্রহের স্থান তৈরি করতে হবে।

ওয়ালটন ও সিম্ফনি সূত্রে জানা গেছে, কারখানা করার অনুমতি চেয়ে গত জুনে বিটিআরসিতে আবেদন করেছে প্রতিষ্ঠান দুটি। প্রাথমিকভাবে দুটি প্রতিষ্ঠানই মাসে দুই থেকে আড়াই লাখ ইউনিট মোবাইল ফোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এ জন্য কারখানার স্থান নির্বাচনসহ প্রাথমিক বেশ কিছু কাজ এগিয়ে রেখেছে ওয়ালটন ও সিম্ফনি। দেশীয় ব্র্যান্ড দুটির পাশাপাশি দক্ষিণ কোরিয়ার স্যামসাংও বাংলাদেশে কারখানা করার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

জানতে চাইলে সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ প্রথম আলোকে বলেন, ‘দেশে মোবাইল ফোন উৎপাদনের কারখানা করার জন্য সিম্ফনির মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান এডিসন গ্রুপের নামে আবেদন করা হয়েছে। বিটিআরসির অনুমোদন পেলে যত শিগগিরই সম্ভব, আমরা উৎপাদনে যেতে চাই। এ জন্য প্রস্তুতিমূলক সব কাজ এগিয়ে নেওয়া হয়েছে।’

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মোবাইল উৎপাদনের কারখানা করার জন্য ১০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ওয়ালটনের। ইতিমধ্যে টেলিভিশন ও ল্যাপটপ উৎপাদনের জন্য মাদারবোর্ড তৈরি করছে ওয়ালটন। একই ধরনের মাদারবোর্ড স্মার্টফোনে ব্যবহার করা হয়, সেদিক দিয়েও এগিয়ে আছে ওয়ালটন।

আমদানিকারক ও ব্যবসায়ীদের হিসাবে, বর্তমানে দেশে প্রতি চারটির মধ্যে একটি মুঠোফোন অবৈধভাবে আমদানি হয়। বিটিআরসির হিসাবে দেশে অবৈধভাবে মুঠোফোন আমদানির কারণে বছরে ৮০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। অবৈধভাবে আমদানি হওয়া ও অনুমোদনহীন মুঠোফোন বিক্রির বাজারকে বলা হয় ‘গ্রে মার্কেট’। এই বাজারে মূলত তিন ধরনের মুঠোফোন পাওয়া যায়। প্রথম ধরনের ফোনগুলো একেবারে নতুন ও আসল। দ্বিতীয় ধরনের হ্যান্ডসেটগুলো ব্যবহৃত, তবে নতুন বলে বিক্রি করা হয়। আর তৃতীয় ধরনের হ্যান্ডসেটগুলো একেবারেই নকল। এই তিন প্রকারের কোনোটিতেই গ্রাহকেরা পান না বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা, আর সরকার বঞ্চিত হয় রাজস্ব থেকে। দেশে উৎপাদিত হলে অবৈধ পথে মোবাইল ফোনের আমদানি কমবে বলে নিয়ন্ত্রক সংস্থা মনে করছে।

দেশে মোবাইল ফোনের উৎপাদন উৎসাহিত করতে পণ্যটির যন্ত্রাংশ আমদানির শুল্ক চলতি ২০১৭-১৮ অর্থবছরে কমিয়েছে সরকার। এখন বিযুক্ত (সেমি নক ডাউন বা এসকেডি) অবস্থায় যন্ত্রাংশ এনে মোবাইল ফোন সংযোজন ও উৎপাদনে আমদানি শুল্ক ১০ শতাংশ করা হয়েছে। আর সম্পূর্ণ খোলা অবস্থায় (কমপ্লিট নক ডাউন বা সিকেডি) যন্ত্রাংশ এনে মোবাইল ফোন উৎপাদন করলে আমদানি শুল্ক দিতে হবে ১ শতাংশ। গত অর্থবছরেও এসকেডি ও সিকেডি যন্ত্রাংশ আমদানিতে গড় আমদানি শুল্ক ছিল ৩৭ শতাংশ। অন্যদিকে সম্পূর্ণ মুঠোফোন আমদানিতে চলতি অর্থবছরে সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। বর্তমানে একটি সম্পূর্ণ মুঠোফোন আমদানিতে সব মিলিয়ে প্রায় ২৮ শতাংশ কর দিতে হয়। এর মধ্যে ১০ শতাংশ সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জ ও ২ শতাংশ অগ্রিম কর হিসেবে দিতে হয়।