আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে দেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে আরোপিত ১ শতাংশ সারচার্জ প্রত্যাহারের সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাবও তিনি করেছেন। এতে দেশে উৎপাদিত ও সংযোজিত মোবাইল ফোনের দাম কমবে। কিন্তু এ সুবিধা পেতে হলে আগামী অর্থবছর থেকেই মোবাইলের পাঁচটি যন্ত্রাংশ দেশেই উৎপাদন করতে হবে উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোকে।
তবে সম্পূর্ণ মোবাইল ফোন আমদানিকারকদের জন্য দুঃসংবাদ আছে। কারণ, মোবাইল ফোন আমদানিতে সারচার্জ আরও ১ শতাংশ বাড়িয়ে ২ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। ফলে বিদেশ থেকে আমদানি করা মোবাইল ফোনের দাম বাড়বে।
অর্থমন্ত্রী গতকাল তাঁর বাজেট বক্তৃতায় এ বিষয়ে বলেন, ‘তথ্যপ্রযুক্তির বিকাশে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে মোবাইল ফোন উৎপাদন কার্যক্রমকে প্রণোদনা দেওয়ার উদ্দেশ্যে উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি সুবিধা দিতে আলাদা প্রজ্ঞাপন জারির সুপারিশ করছি। এ ছাড়া স্থানীয় মোবাইল উৎপাদনের ওপর সারচার্জ অব্যাহতি সুবিধা দিয়ে আমদানি পর্যায়ে ২ শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাব করছি।’
খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা বলছে, এ বছর থেকেই প্রিন্টেড সার্কিট বোর্ড, চার্জার, ব্যাটারি, হাউজিং ও কেসিংয়ের মতো যন্ত্রাংশ উৎপাদনের শর্ত দিয়ে যে পরিপত্র জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল জারি করেছে, সেটি এখনই পূরণ করা সম্ভব নয়।
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ফোনের উৎপাদনকারী প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব বলেন, সম্পূর্ণ আমদানিনির্ভর অবস্থা থেকে দেশে মোবাইল ফোন সংযোজন ও উৎপাদন শিল্পের যাত্রা কেবল শুরু হয়েছে। এখনই যদি পরিপত্র দিয়ে মোবাইলের যন্ত্রাংশ উৎপাদনের শর্ত জুড়ে দেওয়া হয়, তাহলে শিল্পই গড়ে উঠবে না। এ বিষয়ে জারি করা নতুন পরিপত্রটি মোবাইল উৎপাদনে শুল্ক অব্যাহতি নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। নতুন পরিপত্র বাতিল করা না হলে দেশে মোবাইল ফোন উৎপাদন শিল্প গড়ে উঠবে না।
তবে প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন উৎপাদন বা সংযোজনের জন্য বিভিন্ন উপকরণ আমদানিতে ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে আগামী বাজেটে। মোবাইল উৎপাদনে সহায়ক কাঁচামাল আমদানিতে ২৪ শতাংশ পর্যন্ত শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম পলিমার ব্যাটারি, ভাইব্রেটর, মোটর, রিসিভার, ইয়ারফোন বাটন, বিভিন্ন যন্ত্রাংশের কাভার, ইউএসবি, ওটিজি কেব্লসহ মোবাইল ফোন উৎপাদনে সহায়ক ৪৪টি পণ্যের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এর আগে এসব উপকরণে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক ছিল। এসব পণ্য আমদানিতে এখন ১ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। আর বাকি চারটিতে ১০ শতাংশ প্রস্তাব করা হয়েছে।
মোবাইল ফোনকে বিলাসবহুল পণ্য হিসেবে গণ্য করে ২০১৪-১৫ অর্থবছর থেকে আমদানি ও উৎপাদন পর্যায়ে মূল্যভিত্তির ওপর ১ শতাংশ হারে সারচার্জ আদায় করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি পর্যায়ে কয়েক বছর আগে এ সারচার্জ আরোপ করা হলেও উৎপাদনের ক্ষেত্রে চলতি ২০১৭-১৮ অর্থবছর থেকেই এ সারচার্জ আদায় করা হচ্ছে। অর্থমন্ত্রীর এ ঘোষণার মাধ্যমে মোবাইল ফোন উৎপাদনে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সুপারিশই বাস্তবায়িত হলো।