মোবাইল ফোন কোম্পানি থেকে আয়ের অংশ নেবে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো থেকে সাড়ে পাঁচ শতাংশ হারে আয়ের অংশ বা ‘রেভিনিউ শেয়ারিং’ নেবে না সরকার। বিদেশি বিনিয়োগ উত্সাহিত করতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। একই সঙ্গে টেলিযোগাযোগ খাতে অন্যান্য শুল্ক, বিশেষ করে টেলিযোগাযোগ সম্পর্কিত যন্ত্রপাতি আমদানি শুল্ক কমানো হবে বলেও প্রথম আলোকে জানান তিনি।টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘বিদেশি বিনিয়োগ এলে দীর্ঘমেয়াদে সরকার উপকৃত হবে। প্রথমেই তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায়ের কথা বলা হলে, বিদেশিরা বিনিয়োগ করতে চাইবে না।’সাড়ে পাঁচ শতাংশ হারে আয়ের অংশ অপসারণ প্রসঙ্গে তিনি ওয়ারিদ-ভারতী এয়ারটেলের উদাহরণ দিয়ে বলেন, ‘প্রথমেই বিনিয়োগের সাড়ে পাঁচ শতাংশ সরকার নিয়ে নিলে ওরা এ দেশে ব্যবসা করবে কী দিয়ে। সরকার এখন দীর্ঘমেয়াদে লাভবান হওয়ার কথা ভাবছে।’ টেলিযোগাযোগমন্ত্রী আরও জানান, টেলিযোগাযোগ কোম্পানিগুলো থেকে সাড়ে পাঁচ শতাংশ হারে আয় ভাগাভাগির বিধান অপসারণ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচনা চলছে। শিগগিরই এর সুরাহা হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, বিনিয়োগের শুরুতেই ‘রেভিনিউ শেয়ারিং’ দেশীয় বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগে নিরুত্সাহিত করছে। যেমন, এ কারণেই সম্প্রতি বাংলালায়নের স্বত্বাধিকারী মেজর (অব.) আবদুল মান্নান যুবকের লোকসানি প্রকল্প টেলিবার্তায় ১৬০ কোটি টাকা বিনিয়োগ করতে রাজি হননি। এ প্রসঙ্গে মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বিনিয়োগের প্রথমেই এ হারে ‘রেভিনিউ শেয়ারিং’ যেকোনো বিনিয়োগকারীর জন্যই বড় বাধা। ব্যবসা করার পর লাভ করে তারপরই লভ্যাংশ দেওয়া সম্ভব হয়। ব্যবসা শুরু না করেই কীভাবে আয়ের অংশ দেওয়া সম্ভব। তিনি জানান, তাঁর প্রতিষ্ঠান বাংলালায়ন এরই মধ্যে আয়ের অংশ পরিশোধ করেছে, যদিও ব্যবসা এখনো দাঁড়ায়নি। টেলিবার্তায় বিনিয়োগ না করা প্রসঙ্গে তিনি জানান, আইনি জটিলতা ছাড়াও একটি লোকসানি প্রকল্পে আয়ের অংশ দেওয়ার নামে এই হারে বিপুল পরিমাণ অর্থ জমা দেওয়ার কোনো মানে হয় না।