মোবাইল ফোন লাইসেন্স নবায়নে নতুন বিধিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীতের কর্মকাণ্ড বিবেচনা করে মোবাইল ফোন অপারেটর লাইসেন্স নবায়ন করবে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৩১ মার্চের মধ্যে তৈরি করবে ‘মোবাইল অপারেটর লাইসেন্স নবায়ন নির্দেশনা’ নামের একটি বিধিমালা। কমিশন জানিয়েছে, বিধিমালায় নবায়নের পাশাপাশি দেওয়া হবে নতুন ‘রোল আউট’ টার্গেট বা নেটওয়ার্ক বিস্তৃতির লক্ষ্যমাত্রা। দায়বদ্ধতা থাকবে নির্দিষ্ট সময়ের মধ্যে ‘পেনিট্রেশন’ বা সংযোগ ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর ক্ষেত্রেও। কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে এসব তথ্য জানিয়ে বলেন, বিধিমালায় লাইসেন্স নবায়ন ফি ও অপারেটরপ্রতি ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ নির্ধারণ করা হবে। কোনো মোবাইল অপারেটরের কাছে ব্যবহারের অতিরিক্ত ফ্রিকোয়েন্সি থাকলে তা ফেরত নেওয়া হবে। লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বিশ্লেষণ করা হবে অপারেটরদের অতীত কর্মকাণ্ড। বিশেষ করে অপারেটরদের সার্ভিস কতটা গণমুখী ছিল, সেটা যাচাই করা হবে। বিটিআরসির চেয়ারম্যান আরও জানান, লাইসেন্স নবায়নের গাইডলাইন তৈরির জন্য কমিশনের ভাইস চেয়ারম্যান হাসান মাহমুদ দেলোয়ারকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, গ্রামীণফোন, একটেল, বাংলালিংক ও সিটিসেলের মোবাইল অপারেশন লাইসেন্সের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের নভেম্বরে। ১৫ বছর মেয়াদি এ লাইসেন্সগুলোর কোনোটিতেই নির্দিষ্ট কোনো বিধিমালা নেই। এমনকি এক একটি কোম্পানি লাইসেন্স পেয়েছে ভিন্ন ভিন্ন মূল্যে। ১৯৯৬ সালে নেওয়া এসব লাইসেন্সের আওতায় সরকারের সঙ্গে লভ্যাংশ ভাগাভাগির ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা। লাইসেন্স নবায়ন ফি কত হতে পারে—এ প্রশ্নের জবাবে হাসান মাহমুদ দেলোয়ার বলেন, ‘ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় মোবাইল অপারেটরদের লাইসেন্স নবায়ন ফি নিয়ে গবেষণা চলছে। সে দেশগুলোর সঙ্গে আমাদের দেশের প্রেক্ষাপট মিলিয়ে নবায়ন ফি নির্ধারণ করা হবে।’ তিনি জানান, ছয়টি মোবাইল অপারেটরের মধ্যে শুধু ওয়ারিদ লাইসেন্স নিয়েছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে। অন্য মোবাইল অপারেটরদের কোনোটাই সরকারকে লাইসেন্স ফি হিসেবে তেমন উল্লেখযোগ্য অর্থ দেয়নি। নবায়ন ফি নির্ধারণের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।কমিশন সূত্রে জানা গেছে, ’৯৬ সালে অপারেটররা লাইসেন্স নিয়েছিল প্রথম পাঁচ বছরে সরকারকে ১ শতাংশ লভ্যাংশ ও চার লাখ মার্কিন ডলার, দ্বিতীয় পাঁচ বছরে ১ শতাংশ লভ্যাংশ ও আট লাখ মার্কিন ডলার এবং তৃতীয় পাঁচ বছরে ১ শতাংশ লভ্যাংশ ও ১৬ লাখ মার্কিন ডলার সরকারকে দেওয়ার শর্তে। হাসান মাহমুদ দেলোয়ার বলেন, নবায়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ বরাদ্দের বিষয়টি। ইতিমধ্যে বিভিন্ন ব্র্যান্ডে (৮০০, ৯০০, ১৮০০সহ অন্যান্য) বরাদ্দ দেওয়া হয়েছে মোট ৯২টি ফ্রিকোয়েন্সি। এর মধ্যে আশি কোটি টাকা করে মাত্র ১২টি ফ্রিকোয়েন্সির দাম হিসাবে সরকার ৯৬০ কোটি টাকা পেয়েছে। বাকি ৮০ ফ্রিকোয়েন্সির বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় বিনা মূল্যে। তিনি জানান, লাইসেন্স নবায়নের ক্ষেত্রে এসব ফ্রিকোয়েন্সির দাম পুনর্নির্ধারণ করা হবে। গাইডলাইনে লাইসেন্সের মেয়াদ পুনর্নির্ধারণ করা হবে। দেশজুড়ে নেটওয়ার্ক বিস্তৃতির সময়সীমা নির্দিষ্ট করে দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে নির্দিষ্ট হারে গ্রাহকসংখ্যা বৃদ্ধির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দেওয়া হবে। এ ছাড়া নবায়নের আগে কোম্পানিগুলোর সিএসআর (সামাজিক কার্যক্রম) কতটুকু গণমুখী, তা পর্যবেক্ষণ করবে সরকার। লাইসেন্স নবায়ন কমিটিতে আরও রয়েছেন পরিচালক (এসএস) এম এ কাদের, পরিচালক (আইন) মো. শহীদুজ্জামান, পরিচালক (এসএম) মোহাম্মদ তুষার, উপদেষ্টা আসিফ ও উপদেষ্টা আবদুল হাকিম।