মোবাইল ফোনের সিমের কর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব
আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনের সিমের ওপর আরোপিত কর ৫০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) নেতারা। বিদ্যমান সিম কর ৬০০ থেকে কমিয়ে ৩০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে অ্যামটবের পক্ষ থেকে। সিম কর কমানো হলে দেশের সব খাত উপকৃত হবে বলে জানান তাঁরা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় গতকাল এই প্রস্তাব দেওয়া হয়। প্রসঙ্গত, গত অর্থবছরের বাজেটে সিম কর ২০০ টাকা কমিয়ে ৮০০ টাকা থেকে নামিয়ে ৬০০ টাকা করা হয়। গতকাল বিকেলে এনবিআরের সম্মেলনকক্ষে কম্পিউটার, আইসিটি ও টেলিযোগাযোগ খাত এবং ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল খাতের শিল্পোদ্যোক্তাদের সঙ্গে পৃথক দুটি প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদের সভাপতিত্বে এতে এনবিআরের সদস্য নাসির উদ্দিন, এফবিসিসিআইয়ের উপদেষ্টা মঞ্জুর আহমেদ, অ্যামটবের মহাসচিব আবু সাইদ খান, বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিআরএমএ) প্রতিনিধি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিনিধি মইনুল ইসলাম, বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোস্তফা রাশেদুল ইসলাম, ইন্টারনেট সার্ভিসেস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আক্তারুজ্জামান মঞ্জু, বাংলাদেশ এফিশিয়েন্ট লাইটার্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি নূরুল আক্তার, বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। ।আলোচনায় আবু সাইদ খান বলেন, সিম কর কমানো হলে দেশের সব খাতই এর সুফল পাবে। একই সঙ্গে ইন্টারনেটের ব্যবহার যাতে নিম্নবিত্তরাও ব্যবহার করতে পারেন, সেদিকেও নজর দিতে হবে। মঞ্জুর আহমেদ বলেন, আসছে বাজেটে সিম কর ৫০ শতাংশ কমানো হলে রাজস্বে কী অবস্থা হবে সে বিষয়েও একটি গবেষণামূলক প্রতিবেদন দেওয়া দরকার। তাহলেই এ বিষয়ে এনবিআরের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলে মনে করেন তিনি। মোস্তফা রাশেদুল ইসলাম বলেন, মোবাইল সেটের আমদানি-শুল্ক বেশি হওয়ায় কারণে তা দেদারছে অবৈধ পথে আসছে। এতে সরকার বছরে প্রায় ১৬০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তবে আমদানি-শুল্ক কমানো হলে এ প্রবণতা অনেকাংশেই হ্রাস পাবে। তাই আসছে বাজেটে মোবাইল সেট আমদানিতে বিদ্যমান ১২ শতাংশ আমদানি-শুল্ক হ্রাস করে সাত শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেন তিনি।