মোবাইল ব্যাংকিং গ্রাহক এক কোটি ছাড়িয়ে গেছে
দেশে মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেনকারী বা মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকসংখ্যা এক কোটি ছাড়িয়েছে। মোবাইল ব্যাংকিং শুরুর মাত্র তিন বছরের মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার এটি বড় উদাহরণ।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১১ নভেম্বর মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে এক কোটি দুই লাখ ৩৫ হাজার জন, গত এপ্রিল মাসে যা ছিল ৫০ লাখ। মাত্র সাত মাসের ব্যবধানে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করে, এ অর্জন আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমে বিশেষ অবদান রাখবে। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত উপকারভোগীদের কাছে দ্রুততম সময়ে পৌঁছানোর লক্ষ্যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের যাত্রা শুরু। এ সেবার মাধ্যমে এখন অর্থ পাঠানো, জমা ও উত্তোলন, বেতন-ভাতাদি দেওয়া, ইউটিলিটি বিল পরিশোধ, মার্চেন্ট পেমেন্ট ইত্যাদি কার্যক্রমও পরিচালিত হচ্ছে। বাংলাদেশে ২০১০ সালে এই কার্যক্রম শুরু হয়। সর্বশেষ তথ্য অনুসারে ২৮টি ব্যাংককে এ সেবা দেওয়ার অনাপত্তি দেওয়া হয়েছে। তার মধ্যে ১৯টি ব্যাংক ইতিমধ্যেই এ সেবা চালু করেছে।
মোবাইলে জনপ্রিয় ব্যাংকিং সেবাগুলো হচ্ছে অর্থ স্থানান্তর, নগদ জমা ও নগদ উত্তোলন। গত অক্টোবর মাসে নগদ জমা হয়েছে দুই হাজার ১৬৪ দশমিক ৬৭ কোটি টাকা, নগদ উত্তোলন হয়েছে এক হাজার ৯৯৫ দশমিক ১৭ কোটি টাকা এবং অর্থ স্থানান্তর হয়েছে ৭৭৮ দশমিক ৩৬ কোটি টাকা।