মোবাইল ব্যাংকিং সেবায় মেঘনা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্ডভিত্তিক মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে বেসরকারি খাতের মেঘনা ব্যাংক। গত সোমবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মেঘনা ব্যাংক ট্যাপ অ্যান্ড পে’ নামের এ সেবার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এই সেবা উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, ‘মেঘনা ব্যাংক নতুন সেবা আনল, এটা ভালো। আমার কৃতিত্ব, ব্যাংকটির লাইসেন্স আমি দিয়েছিলাম। বাংলাদেশে যথেষ্ট ব্যাংক হলেও বেশি শাখা হয়নি।’

অর্থমন্ত্রী আরও বলেন, আগে বাংলাদেশে ৫৬ হাজার গ্রাম ছিল, এখন গ্রামের সংখ্যা ৯৩ হাজার। তবে মৌজা বাড়েনি, মৌজা এখনো ৫৪ হাজার। সেই ১৯২৭ সালে হিসাব হয়েছিল, এখনো চলছে। ৫৪ হাজার মৌজায় ব্যাংকের শাখা রয়েছে মাত্র ৮ হাজার, এটা যথেষ্ট নয়।

আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে যথেষ্ট কথাবার্তা হচ্ছে, তবে সম্পদে সবার অধিকার দেওয়াটাই মূল লক্ষ্য বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা এর সমাধান দিতে পারে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘প্রতিবছর সামাজিক নিরাপত্তাবেষ্টনীতে প্রায় ৬৫ হাজার কোটি টাকা বিতরণ করা হয়। এ অর্থ বিতরণে অনেক সময়ও ব্যয় হয়। এ ছাড়া নানা অনিয়মের খবরও পাওয়া যায়। এসব অর্থ মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে বিতরণ করতে আমরা অর্থমন্ত্রীর কাছে যাব। তাহলেই এসব অর্থ বিতরণ সহজ হবে।’

এ সময় আরও বক্তব্য দেন মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন এবং নতুন চালু করা সেবাটির তথ্যপ্রযুক্তিগত সহায়তাকারী প্রতিষ্ঠান মোবিলিটি আই ট্যাপ পে (বাংলাদেশ)-এর চেয়ারম্যান জহির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবায় গ্রাহকেরা বিনা মূল্যে একটি কার্ড পাবেন। প্রতিটি লেনদেনের সময় মোবাইল ফোনে পৃথক পাসওয়ার্ড আসবে। এরপরই লেনদেন সম্পন্ন করা যাবে। এর ফলে সেবাটি হবে পুরোপুরি ঝুঁকিমুক্ত।