মোবাইল ব্যাংকিং নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, আইন প্রয়োগকারী সংস্থা ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে বাংলাদেশ ব্যাংক গুরুত্ব দিচ্ছে। এ জন্যই গত জানুয়ারিতে নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়। বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবায় কাঙ্ক্ষিত শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে।
মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান।
এস এম মনিরুজ্জামান বলেন, দেশে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে কাজ করছে মোবাইল ব্যাংকিং। তবে দেশের অর্থনীতির জন্য প্রবাসী আয়ও গুরুত্বপূর্ণ। দুটো বিষয় বিবেচনা করেই মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন সীমা কমিয়ে আনা হয়েছে। এতে যারা প্রকৃত সুবিধাভোগী, তাদের কোনো সমস্যা হচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, মোবাইল ব্যাংকিং সেবায় কোনো কোনো এজেন্ট শতাধিক ব্যক্তিগত হিসাব খুলে সেবা দিচ্ছে। এর মাধ্যমে তারা অবৈধভাবে সেবা প্রদান করছে। বাংলাদেশ ব্যাংক এক হাজার এজেন্টের কার্যক্রম পরিদর্শন করছে। এরপরই এ সেবার নীতিমালার বিষয়ে চিন্তাভাবনা করা হবে।
শুভঙ্কর সাহা বলেন, অবাঞ্ছিত লেনদেন, এজেন্টদের মাধ্যমে লেনদেন ও নগদ অর্থ উত্তোলন কমাতে নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়। দেশের অর্থনীতির স্বার্থেই এ পরিবর্তন করা হয়েছে।
মোবাইল ব্যাংকিং সেবায় বিকাশকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক লীলা রশিদ বলেন, এ সেবায় অনুমোদন পাওয়া সবাইকে একই নিয়ম মেনে চলতে হয়। তবে শুধু মোবাইল ব্যাংকিং সেবায় মনোযোগ থাকায় বিকাশ এগিয়ে গেছে। বিদেশি বিনিয়োগও এসেছে বিকাশে। ব্যাংকগুলোর অনেক সেবার মধ্যে মোবাইল ব্যাংকিং একটি, এ কারণে ব্যাংকগুলো পেরে উঠছে না।
গত ১১ জানুয়ারি মোবাইল ব্যাংকিং সেবার লেনদেন সীমা কমিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। বিকাশের মাধ্যমে প্রবাসী আয়ের অর্থ বিতরণ হচ্ছে, এর কারণে কমে আসছে প্রবাসী আয়। এমন তথ্যের ভিত্তিতেই এ সেবার লেনদেন সীমা কমিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।