বিপক্ষে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো, কেন্দ্রীয় ব্যাংকে আজ বৈঠক
মোবাইল ব্যাংকিংয়ের আয়ে আরও ভাগ চায় অ্যামটব
বিকাশ, রকেটের মতো মোবাইল ফোনভিত্তিক আর্থিক সেবায় (এমএফএস) ব্যালান্স দেখাসহ গ্রাহককে বিনা মূল্যে বেশ কিছু সুবিধা দেওয়ায় মুঠোফোন অপারেটরদের ৫ বছরে ৮৫০ কোটি টাকা লোকসান হয়েছে। এ দাবি মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের। সংগঠনটি বলছে, বিনা মূল্যে তারা আর এই সেবা দিতে রাজি নয়। ব্যালান্স দেখাসহ অন্য যেকোনো কাজে এই সেবা প্রতিবার ব্যবহারের জন্য ১ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা পর্যন্ত খরচ চায় মুঠোফোন অপারেটররা।
এ দাবি জানিয়ে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) একটি চিঠি দিয়েছে অ্যামটব। এতে বলা হয়েছে, শুধু আর্থিক লেনদেন সম্পন্ন হলেই অপারেটররা একটি নির্দিষ্ট অর্থ পায়। কিন্তু এমএফএস হিসাব দিয়ে টাকার পরিমাণ দেখা, বিল পরিশোধের মতো কাজের জন্য কোনো টাকা তারা পায় না।
তবে বিকাশ বা রকেটের মতো সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, ইউএসএসডি ব্যবহার ‘সেশনভিত্তিক’ করলে তা দেশে এমএফএস সেবায় নেতিবাচক প্রভাব পড়বে। তাদের মতে, এর ফলে এমএফএস সেবা নিতে সাধারণ মানুষের খরচ বাড়বে।
এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংকে আজ মঙ্গলবার একটি বৈঠক হতে যাচ্ছে। এতে গভর্নর ফজলে কবির সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। বৈঠকে বিটিআরসি, এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান, মুঠোফোন অপারেটর ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
এমএফএস সেবা দিতে মুঠোফোন অপারেটরদের প্রযুক্তিকে বলা হয় ইউএসএসডি (আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা)। এই প্রযুক্তি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কের সঙ্গে গ্রাহককে যুক্ত করতে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, একজন গ্রাহক যখন তাঁর ব্যক্তিগত হিসাব থেকে আরেকজনকে টাকা পাঠান, তখন স্বয়ংক্রিয়ভাবে প্রেরক ও প্রাপকের কাছে দুটি খুদে বার্তা যায়। আবার, হিসাবে কত টাকা আছে, সেটা দেখতে একটি নির্দিষ্ট নম্বর ডায়াল করতে হয়। অপারেটরদের এই প্রযুক্তিগত সুবিধাকেই বলা হয় ইউএসএসডি।
মুঠোফোন বর্তমানে প্রতি ১০০ টাকা লেনদেনে গ্রাহকের কাছে ১ টাকা ৮৫ পয়সা নেওয়া হয়। এর ৭৭ শতাংশ এজেন্ট, ৭ শতাংশ মুঠোফোন অপারেটর, আর বাকি ১৬ শতাংশ এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলো পায়। তবে বেশির ভাগ এজেন্ট গ্রাহকের কাছ থেকে প্রতি ১০০ টাকায় ২ টাকা আদায় করে।
অ্যামটব বলছে, তাদের নেটওয়ার্কের মাধ্যমে এমএফএস সেবার ৮৬ শতাংশ ইউএসএসডির জন্য কোনো অর্থ নেওয়া হয় না। এ জন্য ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৫ বছরে ৮৪৭ কোটি ৬০ লাখ টাকা কম পেয়েছে অপারেটররা। একই সময়ে বিটিআরসিও এ খাত থেকে ৫৫ কোটি টাকা কম আয় করেছে।
অ্যামটবের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবরে বিটিআরসি কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক, অপারেটর, আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বৈঠক হয়। সেখানে ইউএসএসডির আয় ভাগাভাগি নির্ধারণে ‘কস্ট মডেলিং’ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে বলে মত দেন বাংলাদেশ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
মুঠোফোন অপারেটরদের হিসাবে, দুই বছর আগে এমএফএস সেবার জন্য তাদের নেটওয়ার্কে ৩৮ লাখ ইউএসএসডি তথ্যের আদান-প্রদান হতো। সেটি এখন বৃদ্ধি পেয়ে ৪ কোটি ৫৬ লাখ হয়েছে। অর্থাৎ ২ বছরে ইউএসএসডির ব্যবহার প্রায় ১২ গুণ বৃদ্ধি পেলেও এ খাত থেকে আয় আগের মতোই রয়ে গেছে। ইউএসএসডির মাধ্যমে পাঠানো খুদে বার্তার পরিমাণও এ সময়ে ৫ লাখ থেকে বেড়ে ৮০ লাখ হয়েছে।
এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ৫ বেসরকারি অপারেটরকে ইউএসএসডির আয় ভাগাভাগি বাবদ মোট ১৩৯ কোটি টাকা দিয়েছে। এর মধ্যে ২০১৫ সালে ৬৭ কোটি টাকা, ২০১৪ সালে ৪৬ কোটি ও ২০১৩ সালে ২৬ কোটি টাকা।
বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন শামসুদ্দিন হায়দার প্রথম আলোকে বলেন, দেশের ৫ কোটির বেশি এমএফএস গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ন না করে নিয়ন্ত্রক সংস্থা ইউএসএসডির বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলে বিকাশ আশা করে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে মোট এমএফএস অ্যাকাউন্টের সংখ্যা ৫ কোটি ৩৭ লাখ, এর মধ্যে সক্রিয় আছে ২ কোটি ৭৪ লাখ। এসব অ্যাকাউন্টের মাধ্যমে এখন প্রতিদিন গড়ে ১ হাজার কোটি টাকা লেনদেন হয়।