মোবাইল ব্যাংকিংয়ের পরিসর বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ব্যাংকিং সেবাকে শুধু টাকা পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, একে আরও বড় পরিসরে ব্যবহারের তাগিদ দিয়েছেন দেশের ব্যবসায়ীরা।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘মোবাইল ফিন্যান্সিং সার্ভিসেস’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে ব্যবসায়ীরা এমন কথা বলেন। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে আজ রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এই সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। মোবাইল ব্যাংকিং ব্যবহার বাড়াতে সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বলেন, ২০১২ সালের মার্চ পর্যন্ত দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে মাত্র দশমিক ৫০ শতাংশ ‘মোবাইল ফিন্যান্সিং সার্ভিসেস’ ব্যবহার করেছে। ২০১৫ সালের জুন মাসে এই সেবা ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে ২৩ শতাংশ। ডিসিসিআই সভাপতি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান এবং গ্যাস-বিদ্যুৎ ও পানিসহ বিভিন্ন ধরনের সেবার বিল পরিশোধের ক্ষেত্রে জনগণকে আরও উৎসাহিত করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ঢাকা চেম্বার নেতা সৈয়দ আলমাস কবীর আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ২ কোটি ৯০ লাখ বৈধ নিবন্ধিত গ্রাহক এখন মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করছে।

বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকদের তথ্য যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের তথ্যভান্ডার (ডেটাবেইস) ব্যবহারের অনুমতি দেওয়া, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ সংস্থাগুলোর সঙ্গে যথাযথ সমন্বয় সাধন, এ খাতে আরোপিত সার্ভিস চার্জ কমানো এবং আরও বেশিসংখ্যক জনগোষ্ঠীকে এ সেবার আওতায় নিয়ে আসতে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেন।

বৈঠকে ডিসিসিআইয়ের সহসভাপতি হুমায়ুন রশীদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ এ রুমি আলী, ডাচ-বাংলা ব্যাংকের ডিএমডি আবুল কাসেম মো. শিরিন, গ্রামীণফোনের পরিচালক ইশতিয়াক হোসাইন চৌধুরী, বাংলালিংকের ডিজিটাল কমিউনিকেশন্স বিভাগের মাসহিদ রহমান প্রমুখ বক্তব্য দেন।