মোবাইল ব্যাংকিংয়ের সুফল গ্রামেও পৌঁছে দেওয়ার আহ্বান
ডাক বিভাগের মোবাইল ব্যাংকিংয়ের সুফল গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। রাজধানীতে ডাক ভবনে গতকাল রোববার বাংলাদেশ ডাক বিভাগের মুঠো ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, ‘উদ্বোধনের মধ্যেই যেন এটি সীমাবদ্ধ না থাকে সে জন্য ডাক বিভাগকে সচেতন থাকতে হবে। সেবার পুরো বিষয়টি সহজ করে বোঝাতে না পারলে গ্রামের মানুষ গ্রহণ করবে না। এ জন্য আপনাদের কৌশল নিয়ে এগোতে হবে।’একইসঙ্গে মন্ত্রী বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকার কৌশল অবলম্বন করতে আহ্বান জানান সংশ্লিষ্ট ব্যক্তিদের। ডাক ও টেলিযোগযোগসচিব মো. আবুবকর সিদ্দিক বলেন, ‘ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে ডাক বিভাগ শুরু থেকেই জনসাধারণকে সেবা দিয়ে আসছে। তবে প্রযুক্তির সঙ্গে সঠিক সময়ে তাল মেলাতে না পেরে একটু পিছিয়ে পড়ে। তাই তথ্য-প্রযুক্তির মাধ্যমে আমরা ডাক বিভাগের অগ্রগতি ঘটাতে চাই।’ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং নিয়ে আবুবকর আরও বলেন, অনেক সেবাই প্রথমদিকে একটু জটিল থাকে। তবে শিগগিরই এটি সহজ হয়ে যাবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে।ডাক ও টেলিযোগাযোগ অতিরিক্ত সচিব এস এম শওকত আলী জানান, অশিক্ষিত মানুষকে প্রযুক্তি ব্যবহার করে লেনদেন করাতে উদ্বুদ্ধ করানো সহজ হবে না। তাই পুরো সেবাটি সহজভাবে বোঝাতে হবে। তিনি ডাক বিভাগের প্রতি মানুষকে ফিরিয়ে আনতে এ ধরনের নতুন নতুন সেবা চালু করতে আহ্বান জানান।ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন বলেন, ‘ডাক বিভাগকে ডিজিটালাইজড করতে আমরা ইএমটিএস, ক্যাশ কার্ড ও ই-সেন্টার চালু করেছি। এবার আয় বণ্টনের মাধ্যমে যৌথভাবে মোবাইল ব্যাংকিং চালু করা হলো।’দেলোয়ার আরও বলেন, ‘গত চার মাসে আমরা ১০ কোটি টাকা আয় করেছি। আশা করছি, চলতি অর্থবছর আয়ের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি আয় হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিচালক এস এস ভদ্র ও বাংলা ফোনের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন।