মোবাইল লেনদেনে 'পে ইম' আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল লেনদেনে ‘পে ইম’ আসছে
মোবাইল লেনদেনে ‘পে ইম’ আসছে

ব্যাংকিং শিল্পে আসছে মোবাইল লেনদেন ব্যবস্থা ‘পে ইম’। চলতি বছরের শেষ দিকে শুরু হতে যাচ্ছে নতুন এই ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকেরা নিজের মুঠোফোনের মাধ্যমে আরও সহজে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ আদান-প্রদান ও বিভিন্ন ধরনের বিল পরিশোধ করতে পারবেন। গতকাল সোমবার এমন তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
পেমেন্টস কাউন্সিলের প্রধান নির্বাহী আদ্রিয়ান কামেলার্ড বলেন, নতুন এই ব্যবস্থা গ্রাহকদের বাড়তি সুবিধা দেবে। এর মাধ্যমে বন্ধুর জন্য সিনেমার টিকিট ও হোটেলের বিল পরিশোধ এমনকি সহকর্মীর জন্মদিনের উপহারও কেনা যাবে।
আদ্রিয়ান আরও বলেন, ‘পে ইম হলো মুঠোফোন ব্যবহার করে অর্থ পরিশোধ। এর মানে আপনি সহজে ও নির্ভরযোগ্য উপায়ে মুঠোফোনের কেবল একটি নম্বরের মাধ্যমে অর্থ আদান-প্রদান করবেন। এই সেবায় প্রত্যেক ব্যাংক হিসাবের সঙ্গে গ্রাহকের মুঠোফোনের লিঙ্ক থাকবে। কয়েক লাখ লোক চলতি বছরই এই সেবার আওতায় আসবেন।’ পরবর্তী সময় এই সেবার বিস্তৃতির চিন্তাভাবনাও রয়েছে বলে জানান তিনি।
এ বছরের মধ্যে ব্যাংক অব স্কটল্যান্ড, বার্কলেস, কামবারল্যান্ড বিল্ডিং সোসাইটি, এইচএসবিসি, লয়েডস ব্যাংকসহ বেশ কয়েকটি বড় ব্যাংক গ্রাহকদের এই সেবা প্রদান করবে। এ ছাড়া আরও বেশ কয়েকটি ব্যাংক তাদের ৯০ শতাংশ গ্রাহককে এই সেবা প্রদানে ইচ্ছুক।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, অর্থ পাঠাতে গ্রাহককে প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপসে লগ ইন করতে হবে। এ ক্ষেত্রে পাস কোড লাগবে। এরপর প্রাপকের নাম অথবা মুঠোফোন নম্বর লিখতে হবে। প্রাপকের নাম লেখার পর পাঠানো টাকার পরিমাণ লিখে একটি রেফারেন্স দিয়ে সেন্ড বাটন চাপতে হবে। তখন মোবাইল ফোনে একটি বার্তা পৌঁছে যাবে। তবে নিরাপত্তার জন্য অর্থ লেনদেনে অ্যাপস পাস কোড প্রয়োজন হবে।