মোবাইলের পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক আদায় শুরু

বাজেট পেশের দিন থেকেই মোবাইল সেবার ওপর প্রস্তাবিত ৫ শতাংশ সম্পূরক শুল্ক আদায় শুরু করেছে মোবাইল অপারেটররা। তারা বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা (এসআরও) পাওয়ার পর থেকেই নতুন হিসেবে শুল্ক আদায় করা হচ্ছে।
অপারেটর ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, বাজেটে সম্পূরক শুল্কের ঘোষণার পর সেদিনই এ বিষয়ে এসআরও জারি করা হয়।
সংসদ চলা অবস্থায় সংসদে প্রস্তাবিত একটি কর প্রস্তাব পাস হওয়ার আগেই নিয়ন্ত্রক সংস্থার আদেশে তা কার্যকর করার যৌক্তিকতা বিষয়ে জানতে চাইলে অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান প্রথম আলোকে বলেন, স্বাধীনতার পর থেকেই প্রস্তাবিত বাজেটের শুল্ক বিষয়ে এসআরও জারি করে কর আদায় করা হয়ে আসছে। এটা আইনি কাঠামোর ভেতরেই হচ্ছে। তবে সংসদে ওই প্রস্তাব পাস না হলে কী হবে জানতে চাইলে তিনি বলেন, যেদিনই ওই প্রস্তাব পাস হবে সেদিন থেকেই ওই এসআরও বাতিল হয়ে যাবে। তবে আদায় করা টাকার বিষয়ে ওই আইনে কিছু নেই বলে জানান তিনি।
এদিকে সবগুলো মোবাইল অপারেটরই জানিয়েছে, আইনি বাধ্যবাধকতার কারণেই তাদের এটা বাস্তবায়ন করতে হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও জারির পর সে অনুসারে শুল্ক আদায় করতে অপারেটররা বাধ্য। তবে বাজেট আলোচনায় পাঁচ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি সাংসদরা বিবেচনা করবেন বলে তাঁদের প্রত্যাশা। তাঁরা মনে করেন, এ শুল্ক গ্রাহকের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।
কয়েকটি মোবাইল ফোন কোম্পানি ইতিমধ্যেই এসএমএস পাঠিয়ে গ্রাহকদের এ বিষয়ে জানিয়ে দিয়েছে। আবার সবগুলো কোম্পানি এক সঙ্গে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নতুন আরোপিত এ শুল্কের বিষয়ে গ্রাহকদের জানাচ্ছে। এর মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হচ্ছে, ৪ জুন থেকেই আগের সব করের পাশাপাশি নতুন সম্পূরক শুল্ক আদায় করা হচ্ছে।
গ্রামীণফোন গ্রাহকদের এসএমএস করে বলেছে, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল ফোন ব্যবহারে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, যা আপনাদের সকল ধরনের মোবাইল ব্যবহারের ওপর প্রযোজ্য হবে।’
গ্রামীণফোনের বহির্যোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল শুল্ক আদায় শুরুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
রবির ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশনস ও করপোরেট রেসপন্সিবিলিটি) ইকরাম কবীর প্রথম আলোকে বলেন, তাঁরা শনিবার রাত থেকে নতুন হিসেবে শুল্ক আদায় শুরু করেছেন। ইতিমধ্যেই তাঁরা গ্রাহকদের বিষয়টি জানিয়ে দিয়েছেন।
গত বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট বক্তৃতায় মোবাইলের সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। অবশ্য মোবাইল ফোনের সিম কার্ড ইস্যুর ক্ষেত্রে শুল্ক কমানোর প্রস্তাব করেন তিনি। সিমকার্ড ইস্যুর ক্ষেত্রে ৩০০ টাকা এবং প্রতিস্থাপিত সিমকার্ডের ক্ষেত্রে ১০০ টাকার পরিবর্তে সিমকার্ড ইস্যু এবং প্রতিস্থাপিত সিমকার্ড উভয় ক্ষেত্রে ১০০ টাকা শুল্ক-কর ধার্য করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
এ প্রস্তাবের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিম কার্ড ইস্যু ও সিম প্রতিস্থাপনে কর কমানোর প্রস্তাবকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ উল্লেখ করলেও মোবাইল ফোন সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপকে গ্রাহকদের জন্য বাড়তি চাপ হিসেবে উল্লেখ করে মোবাইল কোম্পানিগুলো। তাদের মতে এর মাধ্যমে গ্রাহকদের ওপর চাপ বাড়বে। পাশাপাশি মোবাইল সেবা ব্যবহারের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে।
গ্রামীণফোনের বহির্যোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল বলেন, ‘মোবাইল টেলিফোন সেবা ব্যবহারের ওপর ৫% সম্পূরক কর আরোপ আমাদের গ্রাহকদের ক্ষতিগ্রস্ত করবে বলে আমরা উদ্বিগ্ন। এর ফলে ইন্টারনেট সেবার বিস্তার বাধাগ্রস্ত হতে পারে, প্রকারান্তরে সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিকে বাধাগ্রস্ত করবে।’
নতুন সম্পূরক শুল্ক কার্যকর হওয়ার পর একজন গ্রাহককে ১০০ টাকার কথা বলা, ইন্টারনেট সেবা ব্যবহার বা যেকোনো ধরনের মোবাইল সেবা নেওয়ার ক্ষেত্রে পাঁচ টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে। বর্তমানে গ্রাহককে ১০০ টাকার কথা বলার ক্ষেত্রে ১৫ টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হয়। ১০০ টাকার রিচার্জে ৮৫ টাকার কথা বলতে পারেন গ্রাহক। নতুন শুল্ক আরোপের ফলে গ্রাহক ৮০ টাকার কথা বলতে পারবেন।
এর বাইরেও মোবাইল ফোন ব্যবহারের ওপর এক শতাংশ সারচার্জ আরোপের বিধান রেখে গত ৩০ মার্চ আরেকটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রী সভা। এ এক শতাংশ যোগ হলে ১০০ টাকার ব্যবহারে গ্রাহকদের মোট ২১ টাকা বেশি খরচ করতে হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সবশেষ হিসাব অনুযায়ী বর্তমানে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১২ কোটি ৪৭ লাখ আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৪২ লাখ।