গোলাম মোহাম্মদ কিবরিয়া শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে প্রকাশ দত্ত ও মো. আসাদুজ্জামান।এসব পদে আর কোনো প্রার্থী না থাকায় সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের এই তিন নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে গত শুক্রবার শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের ১৩ জন ও সর্বজনীন ব্যবসায়ীবান্ধব পরিষদের ছয়জন প্রার্থী সংগঠনের কার্যনির্বাহী পর্ষদের সদস্য নির্বাচিত হন। চেম্বারের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা হলেন: অজয় কুমার চক্রবর্তী, হাসান মোহাম্মদ কিবরিয়া, নজরুল ইসলাম, হায়দার আলী, আবদুল ওয়াদুদ, জয়নাল আবেদীন, আরিফ হোসেন, এস এম আবু সাঈদ, তৌহিদুর রহমান ও বশিরুল ইসলাম সেলু, চন্দন সাহা, কানু চন্দ, রাজন সরকার, আমিনুল ইসলাম ও খুরশীদ আলম মিঠু।প্রধান নির্বাচন কমিশনার নারায়ণ চন্দ্র হোড় জানান, চেম্বারের এক হাজার ৫৭৩ ভোটারের মধ্যে এক হাজার ৪২৯ জন ভোট দেন।