মোহাম্মদ শাহাজাহান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান।ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম গত রোববার অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যান। আজ মঙ্গলবার মোহাম্মদ শাহাজাহান সেই পদে স্থলাভিষিক্ত হলেন।চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ শাহাজান তিন দশক ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত আছেন। এর মধ্যে এক দশক ধরে তিনি হিসাব বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।এর আগে গত ২৬ জুলাই গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় মোহাম্মদ শাহজাহানকে মহাব্যবস্থাপক থেকে উপব্যবস্থাপনা পরিচালক পদে উন্নীত করা হয়। একই সভায় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে সিলেকশন কমিটির পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্যানেলে সুপারিশ করা হয়, যা বর্তমানে সরকারের উচ্চমহলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।আদালতের রায়ের ভিত্তিতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব ছাড়ার পর গত ১২ মে উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন।