মোহাম্মদপুর বাজার ফরমালিনমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ, শান্তিনগর, মহাখালী ও গুলশানের পর এবার মোহাম্মদপুর বাজারকে ‘ফরমালিনমুক্ত’ ঘোষণা করল ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশন (এফবিসিসিআই)।এখন থেকে মাছ ও অন্যান্য পণ্য পরীক্ষা করার পর মোহাম্মদপুর টাউন হল বাজারে প্রবেশ করানো হবে। এ জন্য স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্থায়নে একটি ফরমালিন শনাক্তকরণ যন্ত্র বাজার কমিটির কাছে হস্তান্তর করেছে এফবিসিসিআই।বাজারটিকে ফরমালিনমুক্ত ঘোষণা অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। এফবিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যপণ্যে ফরমালিনের ব্যবহার বন্ধে ভোক্তা ও ব্যবসায়ীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সরকারও বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছে।’ দেশের সব বাজারকে পর্যায়ক্রমে ফরমালিনমুক্ত করা হবে বলে জানান তিনি। গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ফরমালিনের অপব্যবহার রোধে কঠোর আইন তৈরি করা হচ্ছে। আইন প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। শিগগিরই সংসদে আইনটি পাস হবে। জাহাঙ্গীর কবীর নানক বলেন, বাজার কমিটিগুলোকে খাদ্যপণ্যে ফরমালিন ব্যবহার রোধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ফরমালিন ব্যবহারকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।