মোড়কজাত মসলায় বেশি দাম রাখা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলা মসলার তুলনায় মোড়কজাত মসলার দাম যতটুকু বেশি হওয়ার কথা, বাস্তবে তার অনেক বেশি। মরিচ, আদা, রসুনসহ বিভিন্ন মসলা মোড়কজাত করা বড় বড় কোম্পানি মাত্রাতিরিক্ত দাম রাখছে। এতে প্রতিদিন ঠকছেন ভোক্তারা। এসব কথা জানিয়ে শিগগির মসলা মোড়কজাত করা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসা হবে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব গোলাম হোসেন। মসলাজাতীয় পণ্যের উৎপাদন, মজুদ ও মূল্য পরিস্থিতির নিয়ে সচিবালয়ে এসব পণ্যের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্যসচিব গতকাল বুধবার এসব কথা জানান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার, ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান আবদুল কাইয়ুম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। বাণিজ্যসচিব আরও বলেন, খোলা ও মোড়কজাত পণ্যের দামে বড় ধরনের ফারাক রয়েছে। এতে ভোক্তাদের ভোগান্তি হচ্ছে। তাদের (বড় কোম্পানি) উদ্দেশে বলব, অন্যায়ভাবে মানুষের ওপর যাতে অতিরিক্ত দাম চাপিয়ে না দেয়।অন্যদিকে, যেসব পণ্য মোড়কজাত করে বিক্রি করা সম্ভব, সেগুলো খোলার পরিবর্তে মোড়কজাত করেই বিক্রি করার আহ্বান জানান বাণিজ্যসচিব। তিনি বলেন, ‘খোলা কোনো জিনিস বিক্রি বন্ধ করতে হবে। কারণ, এতে ক্রেতাদের ঠকানো হয়। আমার মনে হয়, কেউ তা অস্বীকার করবেন না।’গোলাম হোসেন বলেন, দেশে সুন্দর সুন্দর আইন আছে। কিন্তু পণ্যের খোলা আকারের কারণে সেই আইনগুলো প্রয়োগ করা যাচ্ছে না। পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ব্যাচ নম্বর ইত্যাদি বাধ্যতামূলক করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। ‘একটি ভালো খবর রয়েছে’ জানিয়ে সচিব বলেন, আট থেকে নয় মাসের পেঁয়াজের চাহিদা পূরণ হয় ভারত থেকে আমদানি করে। দেশটি সম্প্রতি পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করলেও মঙ্গলবার তা প্রত্যাহার করে নিয়েছে। তবে ভারত দাম নির্ধারণ করেছে প্রতি টন ৪৭৫ ডলার।ভারতের নিষেধাজ্ঞার পর পেঁয়াজ আমদানির জন্য বিকল্প কয়েকটি দেশের কথা ভাবা হয়েছিল জানিয়ে সচিব বলেন, ‘যেমন, তুরস্ক থেকে কেউ যদি এখনো পেঁয়াজ আমদানি করতে চান, তথ্য-উপাত্তসহ বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে তাঁকে সহযোগিতা করা হবে।’গোলাম হোসেন বলেন, ভারতে রসুন পাচার হওয়ার কথা শোনা যায়। তা রোধ করতে নিয়োজিত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ বছর আদার উৎপাদন সন্তোষজনক হবে বলে ব্যবসায়ীরা বাণিজ্যসচিবকে জানিয়েছেন। সচিব জানান, এরই মধ্যে পাহাড়ি এলাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় আদা সরবরাহ শুরু হয়েছে। সচিব জানান, রসুন আমদানিতে পাঁচ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) না নেওয়া হলে এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকৃত মূল্যের ওপর মূল্যায়ন করলে রসুনের দাম কেজিতে আরও পাঁচ টাকা কমতে পারে বলে ব্যবসায়ীরা তাঁকে জানিয়েছেন।