মোড়কহীন পণ্যের দাম নিয়ন্ত্রণে অধিদপ্তর কিছু করতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তাদের স্বার্থরক্ষায় ২০০৯ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারক করে যাচ্ছে। অভিযুক্ত ব্যবসায়ীকে করছে জরিমানা। সচেতনতা বাড়াতে চেষ্টা করছে ভোক্তাদের মধ্যে। এসব বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা প্রথম আলো: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক অগ্রগতি কতটুকু এগোল?আবুল হোসেন মিঞা: ঢাকায় অধিদপ্তরের প্রধান কার্যালয় করা হয় ২০১০ সালে। এ ছাড়া ছয়টি বিভাগীয় কার্যালয়সহ সারা দেশে এখন অধিদপ্তরের ৭২টি কার্যালয় রয়েছে। তবে বরিশাল বিভাগীয় কার্যালয় এখনো করা সম্ভব হয়নি। ইতিমধ্যে এসব কার্যালয়ের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। অধিদপ্তরের প্রধান কার্যালয়ের জন্য ইতিমধ্যে যানবাহন সংগ্রহ করা হলেও বিভাগীয় কার্যালয়ের যানবাহনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। অধিদপ্তরের অনুমোদিত জনবলের (২৩৩ জন) ১০১ জনই প্রথম শ্রেণীর কর্মকর্তা। এর মধ্যে ১৫ জন আছেন উপসচিব। সরকারের অনেক মন্ত্রণালয়েও এতজন উপসচিব নেই। প্রথম আলো: ভোক্তাদের অধিকার রক্ষায় এখন পর্যন্ত অধিদপ্তরের কার্যক্রম কি সন্তোষজনক? আবুল হোসেন মিঞা: ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্যই এ অধিদপ্তর। ভোক্তারাও এর সুফল পেতে শুরু করেছে। প্রতিষ্ঠার পর থেকে ৩১ মার্চ পর্যন্ত ১১ হাজার ৩৭০টির বেশি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে তিন হাজার ৭৬৯টি দোকান, কারখানা, ফার্মেসি ও হোটেলকে চার কোটি এক লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের বেশ কয়েকজন দক্ষ কর্মকর্তা আছেন। ফলে ভোক্তাদের অধিকার নিষ্পত্তিতে অধিদপ্তর যথেষ্ট কর্মক্ষম। তবে ভোক্তাদের কাছ থেকে এখনে আশাব্যঞ্জক অভিযোগ পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত মাত্র ১৪টি অভিযোগ পাওয়া গেছে। তার মানে হচ্ছে, ভোক্তারা এখনো নিজেদের অধিকার বিষয়ে সচেতন নন। ভোক্তা অধিকার আইনটি সম্পর্কে ভোক্তাদের জানাতে অধিদপ্তরের প্রথম পরিষদের সভায় একটি প্রচার কৌশলপত্র অনুমোদিত হয়। এর বাস্তবায়ন শুরু হয়েছে। ইতিমধ্যে সারা দেশে চার লাখ পোস্টার ও লিফলেট বিলি করা হয়েছে। ডিএফপির মাধ্যমে ১৫-২০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র ও কিছু ট্রেলার নির্মাণের কাজ চলছে। তা ছাড়া প্রতারিত ভোক্তারা যেন অধিদপ্তরে অভিযোগ জানান সে জন্য গত মার্চে দেশের ছয়টি মোবাইল অপারেটরের মাধ্যমে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হয়েছে। প্রথম আলো: ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কাজের পরিধি কতটা বিস্তৃত?আবুল হোসেন মিঞা: ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি মূলত একটি অতিরিক্ত আইন বা সহায়ক আইন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় দেশে ওষুধ আইন, ওষুধ অধ্যাদেশ, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, নিত্যপণ্য আইন, বিশেষ ক্ষমতা আইন, বিএসটিআই অধ্যাদেশ ও বিধিমালাসহ ১৭-১৮টি আইন রয়েছে। কিন্তু ভোক্তাদের নাম উল্লেখ করে কোনো সুনির্দিষ্ট আইন ছিল না। বিভিন্ন আইনের ধারা সংকলিত করে এবং শাস্তির বিধান বাড়িয়ে এই আইনটি তৈরি করা হয়েছে। ‘আমরা যেকোনো পণ্য ও সেবা নির্দিষ্ট দামের বেশি রাখলেই ব্যবস্থা নিতে পারি। অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশাসনিক উপায়ে আইন বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়েছে।’ প্রথম আলো: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অধিদপ্তর কী ভূমিকা রাখছে?আবুল হোসেন মিঞা: বিএসটিআইয়ের আইন অনুযায়ী, ১৫৩টি পণ্যের মোড়কে মান সনদের নম্বর, দাম, ওজন, মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ প্রভৃতি উল্লেখ করতে হয়। এসবের কোনোটা উল্লেখ না থাকলে কিংবা নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে আমরা ব্যবস্থা নেই। তবে মোড়কহীন পণ্যের ক্ষেত্রে দাম বেশি নেওয়া হলে আমাদের কিছু করার থাকে না। সরকার যদি ভোক্তা অধিকার আইনে এ বিষয়টি অন্তর্ভুক্ত করে তাহলে মোড়কহীন পণ্যের ক্ষেত্রেও ব্যবস্থা নিতে পারব।প্রথম আলো: বাজার অভিযান পরিচালনা করতে গিয়ে অদিধপ্তরকে বাধার সম্মুখীন হতে হয় কি না?আবুল হোসেন মিঞা: আমরা বাজার অভিযানে তেমন বাধা পাই না। ব্যবসায়ী ও দোকানদারদের সহায়তা না পেলে এত দিন ধরে বাজারে অভিযান চালাতে পারতাম না। তা ছাড়া অভিযান চলাকালে ভোক্তাদের কাছ থেকেও সহায়তা পাই। অবশ্য সামান্য কিছু বাধাও আসে। যেমন: অভিযান শুরু হলে অনেক দোকানদার তাঁর দোকান বন্ধ করে দেন। অনেকে আবার হইচই শুরু করেন। তবে এটা বড় কোনো বাধা না।[সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত]