মোড়কে লিখন ও ব্যাংক নিশ্চয়তার শর্ত বাদ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শত ভাগ রপ্তানিমুখী প্লাস্টিক শিল্পের মৌলিক কাঁচামাল আমদানির ক্ষেত্রে মোড়কের গায়ে ‘বন্ডের আওতায় আমদানিকৃত বিক্রয়যোগ্য নয়’—এ কথাটি লিখতে হবে। অথবা ১০০ শতাংশ ব্যাংক গ্যারান্টি দিয়ে পণ্য খালাস করতে হবে। কিন্তু বিদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো পণ্যের মোড়কে এ ধরনের কথা লিখে দিতে রাজি নয়। ফলে শত ভাগ ব্যাংক গ্যারান্টি দিয়ে কাঁচামাল আমদানি করতে হওয়ায় শিল্পমালিকেরা বড় ধরনের অসুবিধায় পড়ছেন। তার পরও প্রস্তাবিত ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটে এসব শর্ত প্রত্যাহার না করায় হতাশা ব্যক্ত করেছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ)। সমিতি অবিলম্বে দেশীয় রপ্তানিমুখী প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের স্বার্থে কাঁচামাল আমদানিতে ‘বন্ডের আওতায় আমদানিকৃত বিক্রয়যোগ্য নয়’ লেখার বাধ্যবাধকতা এবং শিল্পের স্বার্থবিরোধী শত ভাগ ব্যাংক গ্যারান্টির শর্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছে।গতকাল সোমবার ঢাকার পল্টনে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, ঊর্ধ্বতন সহসভাপতি সামিম আহমেদ, সহসভাপতি কে এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান, যুগ্ম সম্পাদক জয়ন্ত কুমার সাহা, সাবেক সভাপতি ফেরদৌস ওয়াহিদ এবং সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রথম সহসভাপতি জসিমউদ্দিন উপস্থিত ছিলেন।শাহেদুল ইসলাম বলেন, প্লাস্টিক শিল্প পরিচালনার জন্য অন্যতম উপাদান বিদ্যুৎ। কিন্তু সরকার আগামী দুই বছরে পুরোমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে। এ অবস্থায় তিনি উৎপাদন ব্যয় কমাতে ডিজেল ও ফার্নেস অয়েলের ওপর শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেন।এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রথম সহসভাপতি জসিমউদ্দিন বলেন, বিদ্যুৎসংকটের কারণে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। এ ছাড়া বাজেটে বিস্কুট ও চিপসের প্যাকেটের মৌলিক কাঁচামাল হিসেবে ব্যবহূত সিপিপির (ক্যাস পলি প্রোপাইলিন) আমদানি শুল্ক ১২ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। এর শুল্ক বাড়লে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাবে। আবার সাবান, চানাচুর, সেমাইয়ের প্যাকেট তৈরির কাঁচামাল পলিয়েস্টার ফিল্ম আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক বসানো হয়েছে। এতে ভোগ্যপণ্যের দাম বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অনুষ্ঠানে সমিতি প্লাস্টিক শিল্পের জন্য আলাদা শিল্প নগর স্থাপন, সমিতিকে ইউপি (ইউটিলাইজেশন পারমিট) দেওয়ার ক্ষমতা প্রদান এবং মৌলিক কাঁচামালের আমদানিতে তিন শতাংশ শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়। সমিতি প্লাস্টিক শিল্পের মোল্ড ও মেশিনারিজ আমদানি পর্যায়ের শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছে। এ ছাড়া পরিবেশ ছাড়পত্র নেওয়ার ক্ষেত্রে জটিলতা নিরসন চেয়েছে। সমিতি বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ব পরিস্থিতিতে সম্ভাবনাময় রপ্তানিসমৃদ্ধ প্লাস্টিক খাতের উন্নয়নে ২০ শতাংশ নগদ সহায়তা চেয়েছে