মৌলভিত্তির কোম্পানি লেনদেনে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির প্রেক্ষাপটে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা প্যাট ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি দল। গত বুধবার ডিএসইর দলটি কারখানা পরিদর্শনে যায়। দলের সদস্যরা জানিয়েছেন, কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। ডিএসইর ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি সম্পর্কে এ তথ্য প্রকাশ করা হয়।
উৎপাদন বন্ধ থাকলেও চলতি মাসের প্রথম ১৫ দিন এটির অস্বাভাবিক দরবৃদ্ধি ঘটে। এ বিষয়ে ডিএসই কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের নানাভাবে সতর্ক করেছে। এরই পরিপ্রেক্ষিতে কয়েক দিন ধরে কোম্পানিটির দরপতন ঘটছে। গতকাল দিনের শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম কমে নেমে দাঁড়িয়েছে আট টাকা ১০ পয়সায়।
এদিকে শেয়ারবাজারে সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। গতকালও ঢাকার বাজারে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। সেই সঙ্গে প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে চার হাজার ৭০০ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বৃহস্পতিবার প্রায় ৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। সেখানকার বাজারের সার্বিক সূচক এদিন প্রায় ২০০ পয়েন্ট বেড়েছে।
বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, কিছুদিনের টানা ঊর্ধ্বগতির কারণে লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। যেসব বিনিয়োগকারী এত দিন নিষ্ক্রিয় ছিলেন, তাঁদের অনেকেই এখন সক্রিয় হয়েছেন। এ ছাড়া, দরপতনের কারণে মূলধন ঋণাত্মক হয়ে যাওয়ায় অনেকের লেনদেনের সক্ষমতা ছিল না। এখন শেয়ারের কিছুটা দাম বাড়ার ফলে ওই বিনিয়োগকারীদের কারও কারও লেনদেনের সক্ষমতা বেড়েছে। এতে করে লেনদেনে কিছুটা গতি এসেছে।
নির্বাচন-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার কারণেই মূলত বাজারে গতি এসেছে বলে মনে করেন ডিএসইর এই নেতা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে ভালো ও নতুন কিছু বিনিয়োগ এসেছে। এ কারণে ভালো মৌলভিত্তির শেয়ারের চাহিদা দেখা যাচ্ছে।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষ তিন কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে লঙ্কাবাংলা ফিন্যান্স, পদ্মা অয়েল ও স্কয়ার ফার্মা। গতকাল দিনের শেষে এই তিন কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮১ কোটি টাকা।
ডিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮৩৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম।
চট্টগ্রামের বাজারের সার্বিক সূচক এদিন বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৮ পয়েন্টে। দিনের শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা কম।