মৌলভীবাজারে ইপিজেডের কাজ চলছে
মৌলভীবাজারের শেরপুরে বিশেষ অর্থনৈতিক এলাকার (ইপিজেড) কাজ দ্রুত এগিয়ে চলছে। এলাকাটিকে গতিশীল করতে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে। এ জন্য ২১৯ একর জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য রেল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মৌলভীবাজার চেম্বারের ১৫তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা জানানো হয়। জেলা সদরের কোর্ট এলাকার চেম্বার ভবন প্রাঙ্গণে গত বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয়। চেম্বারের পরিচালক হাসান আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল হোসেন ও পরিচালক মো. হাবিবুর রহমান।সভায় জানানো হয়, শ্রীমঙ্গলে চা নিলামকেন্দ্র স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর এখন শুধু দাপ্তরিক চিঠি এলেই নিলামকেন্দ্রের কাজ শুরু হবে। এ ছাড়া আগরশিল্পের জন্য শ্রীমঙ্গলে ১২ একর ভূমিতে গবেষণাগার প্রতিষ্ঠা, শ্রীমঙ্গলে বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠা, চাতলাপুর শুল্ক স্টেশনে সহজে পণ্য খালাসের জন্য চেম্বার কাজ করে যাচ্ছে বলে সভায় দাবি করা হয়।সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, সাবেক মহিলা সাংসদ বেগম হোসনে আরা ওয়াহিদ, পৌরসভার কাউন্সিলর মনবীর রায় মঞ্জু প্রমুখ।