মৌলভীবাজারে স্থলবন্দরের উন্নয়ন ও চা নিলাম কেন্দ্র স্থানান্তরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আমদানি ও রপ্তানি কার্যক্রম সহজীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে জেলার বিদ্যমান দুটি স্থলবন্দরের রাস্তা ও অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন আরেকটি বন্দর চালুর দাবি জানিয়েছে। এ ছাড়া মৌলভীবাজারে ব্যবসারত ব্যাংকগুলোতে ঋণপত্র (এলসি) খোলার ব্যবস্থা করা, চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে চা-বোর্ডের সদর দপ্তর ও চা নিলাম কেন্দ্র স্থানান্তরের দাবি করেছে এই চেম্বার।শহরের একটি রেস্তোরাঁয় গত শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মৌলভীবাজার চেম্বারের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।সভায় বক্তব্য দেন মৌলভীবাজার চেম্বারের সভাপতি এম এ আহাদ। এতে চেম্বারের পরিচালক সৈয়দ মফচ্ছিল আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বলা হয়েছে, মৌলভীবাজারের সীমান্তের চাতলা স্থলবন্দরের অবকাঠামোগত সুযোগ-সুবিধা নেই। আর বটুলি স্থলবন্দরের যাতায়াতব্যবস্থা খুব খারাপ। যে কারণে এ দুটি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানিতে ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। এ ছাড়া যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় মৌলভীবাজার চেম্বার কুরমা ঘাটে একটি নতুন স্থলবন্দর স্থাপনের দাবি জানানো হয়। এ প্রসঙ্গে মৌলভীবাজার চেম্বারের সভাপতি এম এ আহাদ প্রথম আলোকে বলেন, ‘স্থলবন্দরের উন্নয়নসহ অন্য বাধাসমূহ দূর করা হলে ত্রিপুরাসহ ভারতের পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য অনেক সম্প্রসারিত হবে।’ চেম্বারের নেতারা বলেন, মৌলভীবাজারে সরকারি-বেসরকারি প্রায় সব ব্যাংকের শাখা থাকলেও এগুলোতে এলসি খোলার সুযোগ নেই। সিলেট থেকেই এ কাজ করতে হয়। সে জন্য তাঁরা বিভিন্ন ব্যাংকের মৌলভীবাজারের শাখাগুলোতে এলসি খোলার ব্যবস্থা করার দাবি জানান। সভায় আরও বলা হয়, দেশের অধিকাংশ চা-বাগানই মৌলভীবাজার জেলায় অবস্থিত। কিন্তু চা-বোর্ডের কার্যালয় ও চায়ের নিলাম কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে, যা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানান্তরের জন্য অনেক দিন ধরেই দাবি করা হচ্ছে।