মৌলভীবাজারের চামড়া ব্যবসায়ীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শত বছরের পুরোনো চামড়ার বাজার বালিকান্দির ব্যবসায়ীরা এবার বেশ বিপাকে পড়েছেন।সরকারিভাবে কিংবা ঢাকার ট্যানারি মালিক ও বড় আড়তগুলোর পক্ষ থেকে কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে কোনো রকম নির্দেশনা না থাকায় স্থানীয় ব্যবসায়ীদের লোকসান দিতে হচ্ছে। তাঁরা মনে করেন, ঢাকার ট্যানারি মালিক ও বড় আড়তগুলো সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে স্থানীয় ব্যবসায়ীদের অনিশ্চয়তার মুখে ফেলেছে।বালিকান্দি গ্রামের মো. সুরুক মিয়া ও মিন্টু মিয়াসহ কয়েকজন ব্যবসায়ী জানান, গত বছর লাভ করলেও এবার তাঁদের লোকসান দিয়ে চামড়া বিক্রি করতে হয়েছে।এলাকার লোকজন জানান, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে মনু নদের তীর ঘেঁষে বালিকান্দি গোদারা ঘাটে প্রায় ১০০ বছর আগে এই চামড়ার বাজার গড়ে ওঠে, যেখানে নিয়মিত গরু-ছাগলের চামড়া বেচাকেনা হয়ে আসছে।স্থানীয় আবদুর রহিম, আনকার উল্লাহসহ অনেকেই জানান, তাঁদের বালিকান্দি গ্রামের প্রায় ৫০ শতাংশ মানুষই পারিবারিকভাবে চামড়া ব্যবসার সঙ্গে জড়িত। এই ব্যবসা ছাড়া তাঁরা এখনো অন্য কিছু করেন না। তবে এই ব্যবসায় এখন টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বলে তাঁরা মনে করেন।ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. শওকত প্রথম আলোকে বলেন, ‘এটা আমাদের পারিবারিক ব্যবসা। দাদা করেছেন, বাবা করেছেন। এখন আমি করছি। ভবিষ্যতে হয়তো আমার ছেলেও করবে। এ কারণে ব্যবসাটি ছাড়াও সম্ভব হচ্ছে না।’বালিকান্দিতে সাধারণত প্রতিদিন বিকেলে চামড়ার হাট বসে। তবে কোরবানির ঈদের সময়ই এখানে চামড়ার বড় হাট বসে, যেখানে জেলার বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসেন। স্থানীয় বড় ব্যবসায়ীরা সেই চামড়া কিনে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে ঢাকার আড়তদারদের কাছে বিক্রি করেন। বালিকান্দিতে যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে চামড়ার ব্যবসা।মৌলভীবাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ঢাকার আড়তদারেরা চার-পাঁচ বছর ধরে বালিকান্দির চামড়া ব্যবসায়ীদের কয়েক কোটি টাকা আটকে রেখেছেন। এর ওপর এবার সিন্ডিকেট করে দাম কমিয়ে দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের বিপাকে ফেলেছেন।এ ছাড়া কোরবানির ঈদের সময় অনেকে ঢাকা, ভৈরব, কিশোরগঞ্জের পাইকারি ব্যবসায়ীদের হয়ে স্থানীয় বালিকান্দি বাজার থেকে চামড়া কিনে থাকেন। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে স্থানীয় ব্যবসায়ীরা চাহিদামতো চামড়া কিনতে পারেন না বলেও অভিযোগ রয়েছে।