মৌসুমি ব্যবসায়ীরা কম দামেই চামড়া কিনেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছর দেশে যে পরিমাণ চামড়া সংগৃহীত হয়, তার অর্ধেকের বেশি আসে ঈদুল আজহায় কোরবানি হওয়া পশু থেকে। এবারের ঈদে পশুর চামড়ার দাম নিয়ে মাঠপর্যায়ের ব্যবসায়ীরা অসন্তুষ্ট। অন্যদিকে ছুটির আমেজ শেষ হলেই সাভারের চামড়াশিল্প নগরে চামড়া প্রক্রিয়াকরণ শুরু হবে। যদিও সেখানে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জটিলতার নিরসন হয়নি। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান মো. শাহীন আহমেদ । সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার
মো. শাহীন আহমেদ
মো. শাহীন আহমেদ

প্রথম আলো: এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কি পূরণ হবে?
শাহীন আহমেদ: এবার ৫০ থেকে ৬০ লাখ গরু এবং ২৫-৩০ লাখ মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। আমাদের অনুমান, প্রতিবছর কোরবানি হওয়া পশুর সংখ্যা ১০ শতাংশ করে বাড়ে। তবে এ বছর বন্যার কারণে গত বছরের চেয়ে ৫ শতাংশ কম হয়েছে। ফলে গরুর চামড়া সংগ্রহ ৫০ লাখের বেশি হবে না।

প্রথম আলো: সংগ্রহ কম হওয়ায় দেশের চামড়াশিল্পে কি নেতিবাচক প্রভাব পড়বে?
শাহীন আহমেদ: হেমায়েতপুরে ইতিমধ্যে ৭০টি ট্যানারি চালু হয়েছে। এক মাসের মধ্যে আরও ২০ থেকে ২৫টি ট্যানারি উৎপাদন শুরু করবে। এসব ট্যানারির চামড়া প্রক্রিয়াকরণের সক্ষমতা হাজারীবাগের চেয়ে চার গুণ বেড়েছে। চামড়া সংগ্রহ কম হলে তো উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করা যাবে না। শিল্প ক্ষতিগ্রস্ত হবে।

প্রথম আলো: কাঁচা চামড়ার দাম নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা অসন্তুষ্ট। দাম বেশি না পাওয়ায় চামড়া সংরক্ষণে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে লবণ ব্যবহারের অভিযোগ আসছে। এতে কি মানসম্পন্ন চামড়া পাওয়া যাবে?
শাহীন আহমেদ: এক বস্তা (৭৫ কেজি) লবণের দাম সাধারণত ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে থাকে। তা এ বছর বেড়ে ১ হাজার ৩৫০ টাকা পর্যন্ত উঠেছে। ফলে লবণ কিনতে খরচ বেড়ে গেছে। এ কারণে একটি চামড়া সংরক্ষণে ১০ কেজি লবণ লাগলে দেওয়া হচ্ছে মাত্র ৩ থেকে ৪ কেজি। এতে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তবে আমি জানি না, শেষ পর্যন্ত কত চামড়া এভাবে নষ্ট হবে। আরেকটি বিষয় হলো, মৌসুমি ব্যবসায়ীদের কখনোই লোকসান গুনতে হয় না। তাঁরা চামড়া কিনে সঙ্গে সঙ্গেই বিক্রি করে দেন। কিন্তু বুদ্ধিমানের কাজ হবে লবণ দিয়ে সংরক্ষণ করে ধীরেসুস্থে চামড়া বিক্রি করা। কারণ, মধ্যস্বত্বভোগীরা সব সময়ই সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাদের জন্যই বাজারে অস্থিরতা তৈরি হয়।

প্রথম আলো: ঈদের আগে চামড়ার দাম নির্ধারণ কি ঠিক ছিল? দাম কি বাড়ানো যেত?

শাহীন আহমেদ: দাম নির্ধারণে কিছু আসে যায় না। যারা জানে না, সারা বছর চামড়ার খোঁজখবর রাখে না, তাদের জন্যই মূলত দাম নির্ধারণ করা হয়। মাঠপর্যায়ের মৌসুমি ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামেই চামড়া কিনেছেন।

প্রথম আলো: মৌসুমি চামড়া ব্যবসায়ীরা তো দাবি করছেন, তাঁরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনেছেন।

শাহীন আহমেদ: বললেই তো হবে না। আমরা তো জানি। পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জ থেকে মৌসুমি ব্যবসায়ীরা ৪০০-৫০০ টাকায় গরুর চামড়া কিনেছেন। কম দামে কিনলেও তাঁরা সব সময় বেশি দামে কেনার দাবি করেন।

প্রথম আলো: জেলা পর্যায়ের আড়তদারেরা অভিযোগ করছেন, ট্যানারির মালিকেরা এবার চামড়া কিনতে বেশি টাকা বিনিয়োগ করেননি। এ জন্য চামড়ার দাম কম।

শাহীন আহমেদ: উচ্চ আদালতের নির্দেশে এক মাসের মধ্যে হাজারীবাগের ট্যানারিগুলো বন্ধ করতে হয়েছে। হেমায়েতপুরে চামড়াশিল্প নগরে ট্যানারি স্থানান্তর করতে হয়েছে। উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক বিদেশি ক্রেতা ক্রয়াদেশ বাতিল করেছেন। এসব কারণে তারল্যসংকট তৈরি হয়েছে।

প্রথম আলো: তাহলে কি আপনারা এবার চামড়া কিনতে কম বিনিয়োগ করেছেন?

শাহীন আহমেদ: আমাদের তো টাকাই নেই, বিনিয়োগ করব কী! গত বছর ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে পারিনি। আবার চামড়াশিল্প নগরে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হয়েছে। সব দিক মিলিয়ে আমরা ট্যানারির মালিকেরা একটা সংকটের মধ্যে আছি। অন্যদিকে ট্যানারির মালিকেরা সাধারণত ঈদের দিন ঢাকা ও আশপাশের এলাকা থেকে সরাসরি কাঁচা চামড়া কেনেন। এটি মোট চামড়ার ৪ থেকে ৫ শতাংশ হবে। পরে ট্যানারিগুলোর প্রতিনিধিরা দেশের বিভিন্ন হাট থেকে লবণযুক্ত চামড়া কেনেন। সামনের (চলতি) সপ্তাহ থেকে চামড়া কেনা শুরু হবে।

প্রথম আলো: ঈদুল আজহার আগে রাষ্ট্রমালিকানাধীন চারটি ব্যাংক ঘোষণা দিয়েছিল, তারা চামড়া কেনার জন্য ৭৬৮ কোটি টাকা ঋণ দেবে। আপনারা কি ঋণ পাননি?

শাহীন আহমেদ: ব্যাংকঋণ সবাই পায়নি। গত বছর ৪৬৫ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। এবার ৩০০ কোটি টাকারও কম ঋণ দেওয়া হয়েছে। জনতা ব্যাংকের স্থানীয় কার্যালয় ১৭ জন ট্যানারির মালিককে কোনো ঋণই দেয়নি।

প্রথম আলো: চামড়া নিয়ে প্রতিবছর যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা কীভাবে বন্ধ করা যায়?

শাহীন আহমেদ: অবশ্যই সমাধান আছে। স্থানীয় পর্যায়ে থেকে ট্যানারি পর্যন্ত সবার সঙ্গেই আমাদের যোগাযোগ আছে। কোরবানির পশুর চামড়া নিয়ে বছরে দেড় থেকে দুই হাজার কোটি টাকার বাণিজ্য হয়। এ সময় ট্যানারির  মালিকদের ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানো দরকার। তাহলে তাঁরা অগ্রিম মূল্য দিয়ে চামড়া কিনতে পারবেন। অস্থিতিশীলতা দূর করা সম্ভব হবে।

প্রথম আলো: বিশৃঙ্খলার জন্য লবণের অতিরিক্ত দামও দায়ী। এখানে লাগাম টানার উপায় কী?

শাহীন আহমেদ: আমরা ৭০ হাজার মেট্রিক টন লবণ আমদানির অনুমতির জন্য ঈদের তিন মাস আগে আবেদন করেছিলাম। বাণিজ্য মন্ত্রণালয় ৫ লাখ মেট্রিক টন লবণ আমদানির অনুমতি দিয়েছে। তবে আমাদের না, দিয়েছে লবণ মিলমালিকদের। এতে দাম কিন্তু কমেনি। ট্যানারির মালিকদের আমদানির সুযোগ দিলে বর্তমান সংকট তৈরি হতো না।

প্রথম আলো: আপনাদের আমদানির অনুমতি দিলে স্থানীয় পর্যায়ে কীভাবে লবণ পৌঁছত?

শাহীন আহমেদ: চামড়ায় লবণ দুটি পর্যায়ে ব্যবহৃত হয়। ট্যানারিতে উৎপাদনের প্রথম পর্যায়ে লবণ, চুন ও সোডিয়াম দিয়ে চামড়ার লোম ছাড়ানো হয়। এ পর্যায়ে প্রচুর লবণ লাগে। এ ছাড়া কাঁচা চামড়া সংরক্ষণে লবণ প্রয়োজন হয়। হাইড অ্যান্ড স্কিন অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে আমরা লবণ আমদানির অনুমতি চেয়েছিলাম। সমিতির সঙ্গে সারা দেশের চামড়া ব্যবসায়ীদের যোগাযোগ আছে। ফলে লবণ আমদানি করে আমরাই সারা দেশে পৌঁছে দিতে পারতাম। এতে বাজার স্থিতিশীল থাকত।

প্রথম আলো: হেমায়েতপুরে চামড়াশিল্প নগরের বর্জ্য ব্যবস্থাপনায় বেশ জটিলতা আছে। কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াকরণ শুরু হলে কী অবস্থার সৃষ্টি হবে?

শাহীন আহমেদ: ৭ থেকে ১০ দিনের মধ্যে ট্যানারিগুলো চামড়া প্রক্রিয়াকরণ শুরু করবে। সে সময় ট্যানারিগুলো যে তরল বর্জ্য ছাড়বে, তাতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। কারণ এখনই বর্জ্য সড়ক উপচে পড়ছে। শ্রমিকেরা হাঁটতে পারেন না। গাড়ি চালানো যায় না। বর্জ্য ব্যবস্থাপনার দায়দায়িত্ব বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক)। তারা যদি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ঠিকঠাকভাবে না করে, তাহলে আমরা কী করতে পারি। বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের ত্রুটি থাকায় হেমায়েতপুরে আমাদের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে। যেকোনো মুহূর্তে গ্রামবাসী প্রতিবাদে নামতে পারে। বর্তমানে যে পরিস্থিতি, তাতে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত। আমরা স্পষ্ট করে বলতে চাই, চীনা ঠিকাদারদের চাপ দিয়ে কাজ করিয়ে নিতে হবে। না হলে তাদের চুক্তি বাতিল করে অভিজ্ঞ ইউরোপীয় ঠিকাদার নিয়োগ করা দরকার।