ম্যারিকো বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। গতকাল রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ সোমবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ম্যারিকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরের জন্য চূড়ান্ত এই লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে গত বছরের জুলাই মাসে অন্তর্বর্তীকালীন ১৫০ শতাংশ, অক্টোবরে ২০০ শতাংশ ও গত ফেব্রুয়ারিতে ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে প্রতিষ্ঠানের লভ্যাংশ দাঁড়াল ৯০০ শতাংশে। লভ্যাংশ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২ জুলাই।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে ম্যারিকো বাংলাদেশের মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ মার্চ পর্যন্ত তাদের নিট মুনাফা হয়েছে ১৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ছয় কোটি টাকা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল আট কোটি টাকা।
গত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৪৩ টাকা ৯৯ পয়সা, যা আগের বছরের চেয়ে ১৬ টাকা ৪৬ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ২৭ টাকা ৫৩ পয়সা।