ম্যারিকো বাংলাদেশের ৪৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে অনুমোদন করা হয়।ঢাকায় আর্মি গলফ ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির একাদশ বার্ষিক সাধারণ সভায় ১৮ মাসের জন্য এ লভ্যাংশ অনুমোদন করা হয়।সভায় ম্যারিকো ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় সুব্রামনিয়াম সভাপতিত্ব করেন। এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রোহিত জয়সোয়াল, স্বতন্ত্র পরিচালক গোলাম মুস্তাফা ও রূপালী চৌধুরী এবং কোম্পানি সচিব ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন।বিজয় সুব্রামনিয়াম সভায় জানান, ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের মোট লেনদেন হয়েছে ৫৩৬ কোটি টাকা, যা কোম্পানির এর আগের অর্থবছরের লেনদেনের চেয়ে ৩২ শতাংশ বেশি। আর ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ৩১ মার্চ পর্যন্ত ছয় মাসে লেনদেন হয়েছে ২৮৫ কোটি টাকা।এ ছাড়া আলোচ্য দুটি সময়ে ম্যারিকো বাংলাদেশ যথাক্রমে ৬৭ কোটি ৫০ লাখ ও ৩৫ কোটি ৭০ লাখ টাকার নিট মুনাফা অর্জন করে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের বাজারে ম্যারিকোর ব্র্যান্ডগুলো হচ্ছে প্যারাসুট, সাফোলা ও হেয়ারকোড। বিজ্ঞপ্তি।