মৎস্য রপ্তানির সমস্যা সমাধানে কমিটি গঠন
শতভাগ রপ্তানিমুখী হিমায়িত মৎস্য রপ্তানিকারক প্রতিষ্ঠানে ব্যবহৃত কার্টন ও অ্যাকসেসরিজ সরবরাহে জটিলতা নিরসনে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কমিটির প্রধান হলেন এনবিআরের সদস্য (শুল্ক রপ্তানি, বন্ড ও আইটি) এ এফ এম শাহরিয়ার মোল্লা। কমিটিতে এনবিআর ও হিমায়িত মৎস্য রপ্তানিকারক সমিতির সদস্যরা রয়েছেন।
গতকাল রোববার এনবিআর ও হিমায়িত মৎস্য রপ্তানিকারক সমিতির এক সভায় এ কমিটি গঠন করা হয়। এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সংস্থার চেয়ারম্যান নজিবুর রহমান সভাপতিত্ব করেন।
নজিবুর রহমান বলেন, ‘হিমায়িত মৎস্য রপ্তানিতে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য এনবিআরের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বৈদেশিক মুদ্রা আহরণে সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে এনবিআরকে রপ্তানি-সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। এ জন্যে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অংশীজনদের সব ধরনের সহযোগিতা করাই মূল লক্ষ্য।’
সভায় হিমায়িত মৎস্য রপ্তানিকারক সমিতির নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তফা। প্রতিনিধিদলে আরও ছিলেন সমিতির নেতা রেজাউল হক, আবুল বাসার, মাহমুদ আহসান টিটু প্রমুখ। অন্যদিকে এনবিআরের সদস্য এ এফ এম শাহরিয়ার মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।