ময়মনসিংহে ঈদের বাজার জমে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে ঈদের বাজার জমে উঠেছে। বিশেষ করে শাড়ি, তৈরি পোশাক, জুতার দোকানে তুলনামূলকভাবে বেশি ভিড় হচ্ছে। এসব দোকানে তাঁত, জামদানি শাড়ির সঙ্গে মেয়েদের বেশি পছন্দ টেলিভিশনের ভারতীয় সিরিয়ালের নায়িকাদের নামের তৈরি করা জামা সোহানা, মুন্নী, দাবাং, পাকলু ও কোশিগুপ্তা। আর ছেলেদের পছন্দ থাই জিন্স ও দেশি-বিদেশি শর্ট পাঞ্জাবি। ঈদের কেনাকাটায় গ্রাহকদের আকৃষ্ট করতে বড় বিপণিবিতান, মার্কেট ও শপিংমলে পণ্য কিনলে কুপন দিয়ে নানা রকম মূল্যবান পুরস্কার লটারির মাধ্যমে দেওয়ার জন্যও শহরে মাইকিং করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন মার্কেটের দোকানগুলোকে নানা সাজে সাজানো হয়েছে।বিভিন্ন মার্কেটে ঘুরে গভীর রাত পর্যন্ত গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শহরের সাহেব আলী রোডে গত এক দশকে গড়ে উঠেছে তাঁত, জামদানি ও দেশীয় কাপড়ের গোছানো বাজার। এ সড়কের দুপাশে বংশী, তাঁত কুঠি, দ্য নিউ নবরূপা, বুটিক হাউস, রাম্মাস, সারেং বউ, রূপসী বাংলাসহ আরও কয়েকটি দোকানে টাঙ্গাইলের তাঁত শাড়ি, জামদানি শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি ও ফতুয়ার নানা সমারোহ ঘটানো হয়েছে।শহরের অভিজাত শাড়ির দোকান বংশীর মালিক স্বরজিত রায় জানান, এবার পাতলা মসলিনের ওপর ভারী কাজ করা শাড়ি বেশি চলছে। আর এসবের দাম এক হাজার ৮০০ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। দি নিউ নবরূপার মালিক জুবায়ের ইসলাম বলেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরাতেও দাম বেশি পড়ছে। ফলে গ্রাহক কিছুটা কম। তবে গ্রাহকদের দেশীয় পোশাকের প্রতি আগ্রহ অনেক বাড়ছে।ঈদবাজার করতে আসা ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা শামীমা হাসান বলেন, কাপড়ে এবার বৈচিত্র্য অনেক বেশি, তবে দামও একটু বেশি। বিশেষ করে, বাচ্চাদের কাপড় গতবারের চেয়ে অনেক বেশি। শহরের মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার গ্রেস গ্যালারিয়ার মালিক অধ্যক্ষ এখলাস উদ্দিন খান জানান, ছেলেদের এবার বেশি পছন্দ থাই জিন্স ও গ্যাবাডিন প্যান্ট। দেড়-দুই হাজার টাকায় এসব বিক্রি হচ্ছে বেশি। তা ছাড়া ক্যাজুয়াল শার্ট ও শর্ট পাঞ্জাবিও বেশ পছন্দ সব বয়সের গ্রাহকের। মার্কেটের উনিশ-কুড়ির মালিক সজীব রায়হান বলেন, এবার বেশি চলছে ভারতীয় টিভি সিরিয়ালের নায়িকা সোহানা, মুন্নি, দাবাং, পাকলু ও কোশিগুপ্তা নামের জামা। এসবের দাম সাড়ে তিন হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকার মধ্যে রয়েছে।পোশাকের সঙ্গ সবাই একজোড়া মানানসই জুতা কিনতে ছুটছে। তাই শহরের জুতার মার্কেট ইম্পেরিয়াল, বাটা, আজাদ, এপেক্সসহ বিভিন্ন দোকানে প্রচুর ভিড় রয়েছে। গাঙ্গিনার পাড় মোড়ের আজাদ ফুটওয়্যারের ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, এবার অনেক মডেলের জুতা বাজারে এসেছে। কিন্তু আবহাওয়ার জন্য এখনো তেমনভাবে জমছে না। বাটার ম্যানেজার স্বপন কুমার রায় বলেন, বাজারের অবস্থা খুব খারাপ। গ্রাহক নেই বললেই চলে।আক্তার ম্যানশনের সাজনী প্রসাধনীর মালিক শেখ রাসেল বলেন, ‘কাপড় ও জুতা কেনার পর এখন প্রসাধনী কেনার জন্য আমাদের দোকানে ভিড় বাড়ছে। এবার গ্রাহকের বেশির ভাগ পছন্দের প্রসাধনীই ভারতের তৈরি।’ঈদবাজারে এবার ভিন্ন চিত্র কেবল জুয়েলারির দোকানগুলোতে। বাজারে স্বর্ণের দাম বাড়ায় শহরের জুয়েলারি দোকানগুলোতে ক্রেতা নেই বললেই চলে। শহরের এ বি গুহ রোডের মনিহার জুয়েলার্সের মালিক প্রশান্ত সরকার বলেন, ‘মূলত স্বর্ণের দাম বাড়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা এক রকম বেকার বসে আছি।’