যত দ্রুত অবকাঠামো দরকার, তত হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রূপালী চৌধুরী বলেছেন, ভিয়েতনামের মতো দেশগুলো অনেক বেশি বিদেশি বিনিয়োগ পাচ্ছে। ওই সব দেশের সরকার অবকাঠামো তৈরি করছে। বাংলাদেশও সঠিক পথেই আছে। তবে যত দ্রুত এসব অবকাঠামো দরকার, তত দ্রুত হচ্ছে না। অনেক সময় গতি হতাশাজনক।
বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি কানাডিয়ান ডলারে উন্নীত হওয়া উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক মধ্যাহ্নভোজ সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম) যৌথভাবে মতিঝিলের ঢাকা চেম্বারের কার্যালয়ে সভাটির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে কানাডার রাষ্ট্রদূত বেনোয়া পিয়েরে লাঘামে।
অনুষ্ঠানে কানাডা দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২৪০ কোটি কানাডিয়ান ডলার, যা আগের বছরের চেয়ে ২৮ শতাংশ বেশি। গত বছর বাংলাদেশ কানাডায় প্রায় ১৫০ কোটি কানাডিয়ান ডলারের পণ্য রপ্তানি করেছে, আমদানি করেছে প্রায় ৯০ কোটি ডলারের পণ্য। গত ১৫ বছরে দুই দেশের বাণিজ্য সাত গুণ বেড়েছে।
কানাডার রাষ্ট্রদূত বেনোয়া পিয়েরে লাঘামে বলেন, এ দেশের রপ্তানিকারকেরা কানাডায় শুল্ক ও কোটামুক্ত রপ্তানি-সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছেন। কানাডায় পোশাক রপ্তানিতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে।
রাষ্ট্রদূত বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, কানাডার সরকার চায় বাংলাদেশের পোশাক খাত এগিয়ে যাক। এটা সম্ভব হবে যদি কানাডার জনগণ মনে করে বাংলাদেশ থেকে নেওয়া পোশাকগুলো নিরাপদ কারখানায় তৈরি হয়েছে এবং সেখানে শ্রমিকদের অধিকার রক্ষা করা হয়েছে।’
ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বলেন, কানাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক চার দশকের। এ সময় বাণিজ্য বেশ ভালো হারে বেড়েছে। তবে এ দেশে কানাডার বিনিয়োগ খুবই কম। তিনি কানাডার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৬ বা ৭ শতাংশ নিয়ে সন্তুষ্ট থাকা উচিত নয় বলে মনে করেন এফআইসিসিআইয়ের সভাপতি রূপালী চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের জিডিপির আকার ছোট। তাই প্রবৃদ্ধির বর্তমান হার নিয়ে সন্তুষ্ট না থেকে তা আরও বাড়ানোর চেষ্টা করতে হবে।
ভৌত অবকাঠামোর পাশাপাশি সুস্পষ্ট আইনি কাঠামোও দরকার উল্লেখ করে রূপালী চৌধুরী বলেন, ভৌত অবকাঠামো উন্নতিতে যত সময় লাগা উচিত, আইনি কাঠামোর উন্নতিতে তত সময় লাগা উচিত নয়। এটা শুধু কতগুলো স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) জারি করা ও তা বাস্তবায়নের বিষয়।
ক্যানচ্যামের সভাপতি মাসুদ রহমান আশা করেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশ-কানাডার বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও টি বানদিল্ল, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম এইচ রহমান, নেসার মাকসুদ খান, নরডিক চেম্বারের সহসভাপতি রজার হোবার্ট প্রমুখ বক্তব্য দেন।
ফিলিপাইনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য নেই বললেই চলে। বাংলাদেশ ও কানাডার মধ্যে যেভাবে বাণিজ্য বেড়েছে তা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বাড়াতে পারে ফিলিপাইন।