ঢাকায় গতকাল শনিবার এক গোলটেবিল আলোচনায় বক্তারা ব্যাংক খাতে করছাড় পাওয়ার জন্য সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে ব্যয়ের ন্যূনতম সীমা বর্তমান আট কোটি টাকা থেকে আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
বক্তারা বলেন, যেসব প্রতিষ্ঠান যত বেশি সিএসআর কার্যক্রম চালায়, তাদের তত কর অব্যাহতি দেওয়া উচিত। এতে ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে উৎসাহিত হবে।
বক্তারা ব্যাংকগুলোকেও সিএসআর কার্যক্রমে আরও বেশি অর্থ ব্যয়ের তাগিদ দিয়েছেন। এ ছাড়া বক্তারা গবেষণা বা উচ্চশিক্ষা খাতে সিএসআর ব্যয় বৃদ্ধি ও তা সম্পূর্ণ করমুক্ত রাখার দাবি জানান। তাঁরা সর্বোচ্চ সিএসআর কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক ও জাতীয়ভাবে পদক ও পুরস্কার প্রবর্তনের সুপারিশ করেন।
বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।
বিআইবিএম মিলনায়তনে অনুষ্ঠিত ‘করছাড়ের প্রেক্ষাপটে ব্যাংক খাতের সিএসআর কার্যক্রমে নীতি-সমর্থন’ শীর্ষক এই আলোচনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, শুধু করছাড় পাওয়ার জন্যই সিএসআর কার্যক্রম নয়। এটি গ্রাহকদের আস্থা অর্জনের একটি বড় উপায়ও বটে।
মূল প্রবন্ধে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী জানান, ২০১৩ সালে ব্যাংক খাতে সিএসআর ব্যয়ের পরিমাণ ৪৪২ কোটি টাকায় দাঁড়ায়, যা ২০০৯ সালের তুলনায় আট গুণ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ব্যাংক খাতের করছাড় পাওয়ার জন্য সিএসআর ব্যয়ের কোনো ঊর্ধ্বসীমা থাকা উচিত নয়। বরং এক বা দুই কোটি টাকার নিম্নসীমা রাখা যেতে পারে।
ইব্রাহিম খালেদ বলেন, যাদের নতুন টাকা হয়েছে ও সামাজিক স্বীকৃতি পাওয়ার মোহ আছে, তাদের উদ্বুদ্ধ করতে তিনি পদক প্রবর্তনের সুপারিশ করেন। তাঁর মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রাতিষ্ঠানিকভাবে এবং সরকার জাতীয় পুরস্কার বা পদক দিতে পারে।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধূরী ও পরিচালক শাহ মো. আহসান হাবিব, এনবিআরের সদস্য সৈয়দ মো. আমিনুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার বালা ও এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।